ওয়েবসাইট হ্যাকের ঘটনায় দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ওয়েবসাইট হ্যাক করার অভিযোগে অজ্ঞাতনামা হ্যাকারদের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। গতকাল সোমবার রাতে রাজধানীর রমনা থানায় এ মামলা করে দুদকের আইসিটি শাখা।
মামলা করার বিষয়টি নিশ্চিত করে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, তথ্যপ্রযুক্তি আইন ২০০৬-এর ২৬(২) এবং ৫৭(২) ধারায় দুদকের কোর্ট পরিদর্শক (আইসিটি শাখায় সংযুক্ত) মো. আমিনুল ইসলাম মামলাটি করেন। উচ্চপর্যায়ের আইটি বিশেষজ্ঞদের দিয়ে হ্যাকারদের শনাক্ত করার চেষ্টা চলছে।
গত ৩১ মার্চ দুদকের ওয়েবসাইটটি নতুনভাবে উদ্বোধন হয়। এর দুই দিন পর ২ এপ্রিল রাত ১০টায় ওয়েবসাইটটি হ্যাক করা হয়। এক দিন পর দুদক ওয়েবসাইটটি তাদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।