ওয়েবসাইটে আছে বাস্তবে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘা উপজেলার ছয় গ্রামে জন্মনিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি টিউবেকটমি-বন্ধ্যাকরণ গ্রহণকারীদের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। অথচ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে পদ্ধতি গ্রহণকারী হিসেবে ওয়েবসাইটে তাঁদের নাম রয়েছে।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের জুন থেকে জুলাই উপজেলার এক হাজার ২২ জন নারী ও ১৯ জন পুরুষ জন্মনিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি গ্রহণ করেছেন। প্রত্যেক পদ্ধতি গ্রহণকারীর বিপরীতে সরকারের তিন হাজার ২৫০ টাকা করে বরাদ্দ রয়েছে। এর মধ্যে পদ্ধতি গ্রহণকারীকে দুই হাজার টাকা এবং বাকি টাকা সংশ্লিষ্ট সার্জন ও যাঁর মাধ্যমে নারী বা পুরুষ পরিবার পরিকল্পনা কার্যালয়ে এসেছিলেন তাঁদের দেওয়া হয়। গত অর্থবছরে বাঘায় এই খাতে সরকারের ৩০ লাখ টাকারও বেশি ব্যয় হয়েছে।
গত জুন মাসে সর্বোচ্চ পরিমাণ টিউবেকটমি করা হয়েছে। ওই মাসে মোট ১৭৯ জন নারীকে স্থায়ী পদ্ধতি গ্রহণ করানোর তথ্য পরিবার পরিকল্পনার ওয়েবসাইটে দেওয়া রয়েছে। তাদের সাইট থেকে শুধু ওই জুন মাসের তালিকা নিয়ে অনুসন্ধান চালাতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
তথ্যে দেখা গেছে, মাত্র আট কর্মদিবসে বাঘা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ১৭৯ জন নারী পদ্ধতি গ্রহণে অস্ত্রোপচার করেছেন। সে হিসেবে এক কর্মদিবসে ২২ জনেরও বেশি নারীকে অস্ত্রোপচার করা হয়েছে। এঁদের মধ্যে শুধু ১১ জুনই ৩৮ জনের অস্ত্রোপচার হয়েছে।
ওই তালিকা থেকে উপজেলার আরিফপুর, বাজিতপুর, বারখাদিয়া, নিশ্চিন্তপুর, মিয়াপাড়া ও কিশোরপুর গ্রামের ১০ জন পদ্ধতি গ্রহণকারীকে খুঁজে বের করার চেষ্টা করা হয়। এতে দেখা গেছে, তাঁদের নয়জনেরই কোনো অস্তিত্ব নেই। একজনের খোঁজ পাওয়া গেলেও তিনি বাঘা কার্যালয় থেকে এই পদ্ধতি গ্রহণ করেননি বলে জানান।
আরিফপুর গ্রামের আসাদুলের স্ত্রী আরজিনা ও মিয়ারের স্ত্রী শিউলি বেগমের নাম রয়েছে। গত মঙ্গলবার গ্রামে গেলে কেউ তাঁদের ঠিকানা বলতে পারেননি। বাজিতপুর গ্রামের বাদলের স্ত্রী নাসিমা খাতুন ও আবদুল মজিদের স্ত্রী ফিরোজার খোঁজ নিতে গিয়েও ওই নামের কাউকে পাওয়া যায়নি। বারখাদিয়া গ্রামে লাভলী ও তানজিলা, নিশ্চিন্তপুর (লিচিনপুর) গ্রামে জাহানারা ও মিয়াপাড়া গ্রামের মিমি খাতুন নামের কাউকে পাওয়া যায়নি।
তবে কিশোরপুর গ্রামে সাবিনাকে পাওয়া গেলেও তিনি বলেন, বাঘা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে কোনো পদ্ধতি তিনি গ্রহণ করেননি। রাজশাহীতে একটি ক্লিনিকে তাঁর অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান হয়। এ সময় তিনি চিকিৎসককে বলে বন্ধ্যাকরণ করে নিয়েছেন।
মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের খবর পেয়ে বাঘা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত সহকারী সার্জন খাজা ফেরদৌস গত মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোর রাজশাহী কার্যালয়ে আসেন। তিনি বলেন, বাঘায় ভুয়া অস্ত্রোপচার করা হচ্ছে এমন গুজব কারা যেন ছড়িয়েছে। এ ব্যাপারে খবর প্রকাশ না করার জন্য তিনি প্রতিবেদককে অনুরোধ করেন। তাঁকে আরিফপুর গ্রামের আসাদুলের স্ত্রী আরজিনার অস্তিত্ব প্রমাণ করতে বললে তিনি তাঁর কার্যালয়ের কর্মী আফরোজা খাতুনের সঙ্গে যোগাযোগ করেন। পরে ফোন রেখে তিনি বলেন, ভুলবশত ভুয়া নাম গেছে। এ জন্য ওই কর্মী দায়ী হবেন। আরজিনার নামের পাশে ওই কর্মীর স্বাক্ষর রয়েছে।
রাজশাহীতে খাজা ফেরদৌসের বিরুদ্ধে সদ্য বিবাহিত এক বাক্প্রতিবন্ধী যুবককে বন্ধ্যাকরণ করার অভিযোগ ওঠে। এ নিয়ে গত ২৬ অক্টোবর প্রথম আলোয় ‘বাক্প্রতিবন্ধী যুবককে প্রলোভন দেখিয়ে বন্ধ্যাকরণ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এর তদন্ত চলছে।