ওরস মাহফিলে হামলা, আহত চার
চুয়াডাঙ্গার পৌর এলাকার হাটকালুগঞ্জ দরবারে ওরস মাহফিলে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে দরবারের সো-য়াদ শরিফে ঢুকে আলো নিভিয়ে হামলা চালানো হয়। ওই ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন হাটকালুগঞ্জের আরিফ হোসেন (২০), রফিকুল ইসলাম (২২), জামেলা খাতুন (৪৫) ও তাঁর ছেলে সেলিম হোসেন (২৫)। দুর্বৃত্তরা হামলার পর দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মশিউর রহমান বলেন, সেলিমের কানের পাশে কেটে গেছে। তাঁকে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওরসের অন্যতম আয়োজক মনির হোসেন বলেন, হাটকালুগঞ্জ দরবারে সো-য়াদ শরিফে ওরস চলছিল। রাত আটটার পরপরই অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে দরবারে প্রবেশ করে জেনারেটর বন্ধ করে দেয়। অন্ধকারের মধ্যে তারা কয়েকজনকে খুঁজতে থাকে। এরপর এলোপাতাড়ি মারপিট করলে চারজন আহত হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের মোবাইলে যোগাযোগ করা হলে অন্য একজন কর্মকর্তা বলেন, ‘স্যার বাইরে।’ পরিদর্শক (তদন্ত) এএইচএম কামরুজ্জামান বলেন, ওরস মাহফিলে হামলার ঘটনা তিনি শুনেছেন। তবে বিস্তারিত জানেন না।