ওরস মাহফিলে হামলা, পুলিশসহ আহত ১০
চাঁদপুর সদর উপজেলার উত্তর রঘুনাথপুর গ্রামে অশ্লীল নাচ-গানের অভিযোগে মাইজভান্ডার অনুসারীদের এক ওরস মাহফিলে হামলা হয়েছে। এ সময় পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়।
গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় গ্রামের মুসলিম ফকিরের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। তবে চাঁদা না পেয়ে চাঁদাবাজেরা এ হামলা চালিয়েছে বলে ওরস কর্তৃপক্ষ দাবি করেছে।
স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়, প্রতিবছরের মতো গত বৃহস্পতিবার রাতেও উত্তর রঘুনাথপুর এলাকার মাইজভান্ডার ভক্ত মুসলিম ফকিরের বাড়িতে ওরস মাহফিলের আয়োজন করা হয়। এ উপলক্ষে ওই বাড়িতে লোকজনের জমায়েত হয়। এরই একপর্যায়ে স্থানীয় কিছু লোক বাড়িটিতে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। পরে পুলিশ গেলে হামলাকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করেও ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় চাঁদপুর মডেল থানার এসআই খালেকুজ্জামান ও দুই পুলিশ সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হন। পরে চাঁদপুর মডেল থানা থেকে আরও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চাঁদপুর মডেল থানার ওসি আবদুল কাইয়ুম বলেন, ওই বাড়িতে ওরসের নামে অশ্লীল নাচ-গান চলছিল বলে অভিযোগ তুলে একদল লোক হামলা চালিয়েছিল। তবে ওরস কর্তৃপক্ষ হামলাকারীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছে। হামলার ঘটনায় মুসলিম ফকিরের ছেলে ইব্রাহীম শেখ ২০ জনের নাম উল্লেখসহ আরও ৩০ থেকে ৩৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।