৬ পুলিশসহ আহত ১৬ ১০ নেতা–কর্মী গ্রেপ্তার
ওরসের নিরাপত্তায় থাকা পুলিশের ওপর ছাত্রলীগের হামলা

হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহে ওরসের নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের একদল নেতা-কর্মী। এতে পুলিশের ৬ সদস্যসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। গত সোমবার রাত ১১টার দিকে দরগাহের প্রধান ফটকের কাছে আম্বরখানা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ৩৬টি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মাসুদ কামাল সুফিসহ ১০ নেতা-কর্মীকে আটক করা হয়।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে হামলায় আহত বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) শাহিনউদ্দিন বাদী হয়ে আটক ১০ জনসহ ১৭ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেন। আটক ছাত্রনেতাদের বেলা তিনটার দিকে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক মো. সাইফুজ্জামান হিরো তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এই ১০ নেতা-কর্মী হলেন মাসুদ কামাল, খলিলুর রহমান, রুবেল আহমদ, টি এম রায়হান, বিশ্বজিৎ দাস, শোয়েব আহমদ, জালাল উদ্দিন, শামসুর রহমান, আকিল আহমদ ও ডালিম আহমদ। তাঁদের মধ্যে ছাত্রলীগের সাবেক নেতা মাসুদ কামালের (৩৫) বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায়। বাকিরা নগরের আম্বরখানা, করেরপাড়া, চৌকিদেখি ও সাগরদিঘিরপাড় এলাকার বাসিন্দা। সিলেট ছাত্রলীগে তাঁরা ‘দর্শনদেউড়ি গ্রুপের’ কর্মী হিসেবে পরিচিতি।
সোমবার রাত থেকেই শুরু হওয়া দু দিনব্যাপী ওরস উপলক্ষে পুলিশ পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে আম্বরখানাকে কেন্দ্রস্থল নির্ধারণ করে সেখানে অস্থায়ী নিরাপত্তা চৌকি বসানো হয়। রাত সাড়ে ১০টার দিকে মাসুদ কামালের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা চারটি মোটরসাইকেল নিয়ে আম্বরখানা দিয়ে দরগাহে ঢুকতে গেলে পুলিশ সদস্যরা বাধা দেন। এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা দর্শনদেউড়ি এলাকায় ফিরে যান।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, এর আধা ঘণ্টা পর ২০-২৫ জনের একটি দল আম্বরখানা এলাকা দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের নিরাপত্তা বেষ্টনী ভেঙে দরগাহ এলাকায় ঢোকার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে এলোপাতাড়িভাবে ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেল ফাটিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এতে পুলিশের ৬ সদস্য আহত হন। এ সময় আম্বরখানা থেকে দরগাহ গেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আম্বরখানা থেকে দর্শনদেউড়ি পর্যন্ত ব্লক রেইড দিয়ে ১০ জনকে আটক করা হয়।
হামলায় আহত বিমানবন্দর থানার এসআই শাহিন, এএসআই আজিজ ও ফরহাদ, কনস্টেবল মুসলেম, আলফাজ ও ফয়জুলকে রাতেই সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। আহত এক পুলিশ সদস্য প্রথম আলোকে বলেন, ‘আমরা ভাবছিলাম জঙ্গি। মনে অইছিল ওরসে আবার জঙ্গি হামলা। ওদের ধরার পরে দেখা গেল জঙ্গি না!’ গতকাল সন্ধ্যা পর্যন্ত আহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
২০০৪ সালে মাজারে ওরসের প্রথম রাতেই জঙ্গি হামলা হয়েছিল। এতে ৫ জন মাজারভক্ত ঘটনাস্থলেই নিহত ও ৫০ জন আহত হন। এ ঘটনার পর থেকে প্রতিবছর ওরসে পাঁচ স্তরের নিরাপত্তা দেওয়া হয় জানিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ প্রথম আলোকে বলেন, পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হওয়ায় ওরসের শান্তিপূর্ণ পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়েনি। এ হামলার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তদন্ত করা হচ্ছে।
হবিগঞ্জের আজমিরিগঞ্জের একজন বাউলশিল্পী বলেন, ছাত্রলীগের হামলায় পুলিশ ছাড়াও অন্তত ১০ জন ভক্ত আহত হয়েছেন। তবে তাঁদের সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
গতকাল সকাল নয়টা থেকে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে ঐতিহ্যবাহী গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে শুরু হয়েছে ওরসের মূল পর্ব। আজ বুধবার ভোররাতে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে দুই রাতের বার্ষিক ওরস।