ওরা স্কুল ছাত্র, পুলিশ বলছে পেশাদার ছিনতাইকারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তের বছর বয়সী ইমন আহম্মেদ ও ষোল বছর বয়সী ইয়াসিন আরাফাত আপন দুই ভাই। এরা দু’জন ফরিদপুরের বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। ইমন সপ্তম শ্রেণিতে পড়ে। আরাফাত পড়ে নবম শ্রেণিতে। তাদের চাচাতো ভাই হাবিবুর রহমানের সঙ্গে গতকাল সোমবার ফরিদপুর থেকে ঢাকায় বেড়াতে আসে।

ঢাকায় গুলশানে হাবিবুরদের বাসায় ওঠে তারা। গতকাল সোমবার বিকেলে তাঁরা গুলশানের বারিধারা লেকে ঘুরতে যায়। তাদের সঙ্গে ছিল হাবিবুর ও খন্দকার হিরা (জাবেদ হোসেন)। হাবিব ও জাবেদ গুলশান মডেল স্কুলের ছাত্র। হাবিব দশম শ্রেণিতে পড়ে। জাবেদ এসএসসি পরীক্ষা দিয়েছে। গতকাল বিকেলে মোবাইল ছিনতাইয়ের মামলায় এই চার কিশোরকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।

মামলার বাদী আবদুল জব্বারের স্ত্রী শাহিনুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে বারিধারা এলাকা থেকে আমার ছেলে ও ভাগ্নে মাহফুজের মোবাইল ছিনতাই হয়। পরে পুলিশ এই চার জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। থানায় নেওয়া হয় আমার ছেলেকেও। খবর পেয়ে থানা যাওয়ার পর আমি গুলশান থানার ওসিসহ পুলিশ কর্মকর্তাদের বলি, ‘আমি এইসব ছেলের বিরুদ্ধে কোনো মামলা করব না। এদের চেহারা দেখে, আমার মায়া হয়। কিন্তু পুলিশ বলে, মামলা না করলে উল্টো আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এস আই হাবিবুর মামলার এজাহার লিখে আমার স্বামীর স্বাক্ষর নেন।’
এ মামলায় জব্দ তালিকার স্বাক্ষী মনির হোসেন প্রথম আলোকে বলেন, ‘অফিস থেকে বেরিয়ে গুলশান বারিধারা লেক এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তখন মানুষের জটলা দেখি। পুলিশ আমার নাম ও মোবাইল নম্বর নেয়। এর বাইরে মোবাইল ছিনতাই ঘটনার কিছুই জানি না।’
অন্যদিকে, গ্রেপ্তার হওয়া হাবিবের মা রহিমা বেগম প্রথম আলোকে বলেন, ‘এদের ফাঁসানো হয়েছে। এরা ছিনতাইকারী না। এরা সবাই স্কুলের ছাত্র। আমার ছেলেসহ অন্যদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার পর আমার স্বামী মোহাম্মদ মান্নান মিঞাকে ফোন দেওয়া হয়। থানায় যাওয়ার পর অনেক অনুনয়-বিনয় করি, তাদের ছেড়ে দিতে। কিন্তু পুলিশ আমাদেরকে এক লাখ টাকা দিতে বলে। টাকা না দেওয়ায় পুলিশ তাদের রিমান্ড চেয়েছে।’
তবে ঘটনার কথা অস্বীকার করে এস আই হাবিবুর রহমান প্রথম আলোর কাছে দাবি করেন, বাদী মামলা করতে চাননি এটা ঠিক নয়। বাদী নিজে মামলা করেছেন। আর আসামির কাছ থেকে টাকা চাওয়ার কথা সম্পূর্ণ মিথ্যা।

আদালতে হাজির করে রিমান্ড আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আল আমিন বলেছেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ছিনতাই পেশার কথা স্বীকার করেন। তারা দলবদ্ধ হয়ে পরিকল্পিতভাবে ঢাকার বিভিন্ন স্পটে ছিনতাই করে বলে জানা যায়। আসামিরা বিভিন্ন সময় গুলশান বারিধারার আশপাশ এলাকায় ছিনতাই করে দ্রত পালিয়ে যায়। আসামিদের কাছ থেকে অপরাপর ছিনতাইকারী ছক্রের নাম ঠিকানা সংগ্রহ ও সনাক্ত করার জন্য পাঁচ দিন পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।’

তবে যোগাযোগ করা হলে পুলিশ কর্মকর্তা আল আমিন প্রথম আলোকে বলেন, ‘আমি মামলার তদন্তকারী কর্মকর্তা কিন্তু এখনো পুরোপুরি তদন্ত করতে পারিনি। আসামিকেও জিজ্ঞাসাবাদ করতে পারিনি। এজাহার পড়ে যতটুকু জানতে পেরেছি, এরা মোবাইল ছিনতাই করতে যেয়ে হাতেনাতে ধরা পড়েছে। থানায় মামলা হয়েছে। এতটুকু জানি।’
তবে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এই চার শিশুকে রিমান্ড চাওয়া হয়েছে তা আমার জানা নেই। আমিতো বলে গিয়েছিলাম, রিমান্ড যাতে না চাওয়া হয়।’ এ ব্যাপারে রিমান্ড আবেদনকারী এস আই আলামিন বলেন, ‘ওসি স্যার হয়তো নাও জানতে পারেন।’
শিশু আইন অনুযায়ী শিশুদের রিমান্ড চাইতে পারে না পুলিশ। বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, ‘শিশু আইন অনুযায়ী পুলিশ কোনোভাবেই শিশুদের রিমান্ড চাইতে পারে না। রিমান্ড আবেদন করাটা বেআইনি হয়েছে।’
সরেজমিন দেখা যায়, বিকেল তিনটার দিকে হাজতখানার পুলিশ এই চার শিশুকে হাতকড়া পরিয়ে ঢাকার মহানগর হাকিম ঢাকার মহানগর হাকিম সাদবির ইয়াসির আহসান চৌধুরীর আদালতে তোলা হয়। পরে ওই বিচারকের খাসকামরায় রিমান্ড শুনানি হয়। রিমান্ড আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০১৩ সালের শিশু আইন অনুযায়ী, শিশুদের বিচারের একমাত্র এখতিয়ার শিশু আদালতের। ঢাকার ১ নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতকে শিশু আদালত ঘোষণা করা হয়েছে। শিশু আইন অনুযায়ী, কোনোভাবেই শিশুকে দাগি অপরাধীর সঙ্গে একসঙ্গে বিচারকাজ পরিচালনা করা যাবে না।
এদিকে দুই ছেলে ইমন ও আরাফাতের গ্রেপ্তার হওয়ার খবর পেয়ে বিকেল সাড়ে চারটার দিকে ফরিদপুর থেকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানার সামনে আসেন তাদের মা নাসরিন বেগম। কান্নাজড়িত কণ্ঠে নাসরিন প্রথম আলোকে বলেন, ‘তাঁর দুই ছেলে ফরিদপুরে লেখাপড়া করে। তারা শিশু। গতকালই ঢাকায় বেড়াতে এসেছে। জীবনে পুলিশ দেখলে ভয় পায়। অথচ পুলিশ তাদেরকে পেশাদার ছিনতাইকারী বলে রিমান্ড চাইল। আমি বিচার চাই।’