ওরিয়ন গ্রুপের নিরাপত্তা কর্মকর্তা নিখোঁজ নয় দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে ওরিয়ন গ্রুপের নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মকর্তা (সুপারভাইজার) কাজী মাহমুদুল হাসান (২৮) নয় দিন ধরে নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় পরদিন তাঁর স্ত্রী মনি বেগম মুন্সিগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মনি বেগম বলেন, মাহমুদুল ১ অক্টোবর নারায়ণগঞ্জ ওরিয়ন গ্রুপ থেকে দুই লাখ ৪০ হাজার টাকা তুলে মুন্সিগঞ্জ ও দোহার উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত নিরাপত্তাকর্মীদের ঈদের বেতন ও বোনাস দিতে যান। বেলা একটা পর্যন্ত মাহমুদুলের সঙ্গে তাঁর মুঠোফোনে কথা হয়। এর পর থেকে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান মেলেনি।
নিজস্ব প্রতিষ্ঠান ছাড়াও বেসরকারি ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপত্তাপ্রহরী সরবরাহ ও নিয়োগ দিয়ে থাকে ওরিয়ন গ্রুপ।
মুন্সিগঞ্জ সদর থানার এসআই নুরুল কাদের বলেন, মাহমুদুল হাসানের খোঁজে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।