ওলামা লীগ সভাপতি ছুরিকাঘাতে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ওলামা লীগের সভাপতি ইলিয়াস হোসেন বিন হেলালী ছুরিকাঘাতে আহত হয়েছেন। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।

ঘটনার পর পল্টন থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর ঘাড়ের দুই পাশে ও বগলে ছুরির আঘাতে গুরুতর জখম হয়েছে।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, মসজিদের দক্ষিণ গেটে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে। পালিয়ে যাওয়ার সময় পুলিশ ও জনতা মিলে এক ব্যক্তিকে ধরে ফেলে। তবে, আটক ব্যক্তির নাম জানাতে পারেননি তিনি।

এদিকে বিকেল চারটার দিকে ইলিয়াসকে দেখতে হাসপাতালে যান পুলিশের ডিআইজি মারুফ হাসান। তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন, আটক ব্যক্তি আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য বলে স্বীকার করেছেন। এ ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে।