ওষুধ কোম্পানির প্রতিনিধিকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
নীলফামারীর সৈয়দপুরে এক ওষুধ দোকান মালিকের বিরুদ্ধে ওষুধ কোম্পানির এক প্রতিনিধিকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পাওনা টাকা চাইতে গিয়ে পপুলার ফার্মাসিউটিক্যালস কোম্পানির এমপিও ওমর ফারুককে মারধর করা হয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সৈয়দপুর থানাসহ বিভিন্নস্থানে অভিযোগ দেওয়া হয়।
অভিযোগে জানা গেছে, বগুড়ার শাজাহানপুর উপজেলার জগন্নাথপুর এলাকার ওমর ফারুক গত শনিবার বিকেলে কোম্পানির পাওনা টাকা চাইতে সৈয়দপুর শহরের সৈয়দপুর প্লাজায় অবস্থিত নোভা ড্রাগসে যান। এ সময় ওই দোকানের মালিক জাহানুর ইসলাম পাওনা টাকা না দিয়ে উল্টো ফারুকের দাড়ি নিয়ে কটূক্তি করেন। এ নিয়ে দুজনের বাগ্বিতণ্ডার এক পর্যায়ে জাহানুর ওমর ফারুককে প্রচণ্ড মারধর করেন। এ সময় দোকানের কয়েকজন কর্মচারীও ওমর ফারুককে মারধর করে তাঁর পকেটে থাকা কোম্পানির ৩৫ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেন।
ওসি ইসমাইল হোসেন বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধি মারধরের অভিযোগ নিয়ে এসেছিলেন। কিন্তু ত্রুটি থাকায় তা সংশোধন করে আনতে বলা হয়েছে।
এ ছাড়া ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) সৈয়দপুর শাখার পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।