ওষুধ কোম্পানির প্রতিনিধি নিখোঁজ পাঁচ দিন

চুয়াডাঙ্গায় মোস্তাফিজুর রহমান (৪৫) নামে ওষুধ কোম্পানির এক প্রতিনিধি পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত বুধবার সকালে পেশাগত কাজে বাসা থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। এ ঘটনায় তাঁর স্ত্রী কোহিনুর বেগম শুক্রবার রাতে চুয়াডাঙ্গা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মোস্তাফিজুর বাগেরহাট সদর উপজেলার গোরম্বা গ্রামের আবদুস সালামের ছেলে এবং ঢাকার হোমিওপ্যাথিক ওষুধ কোম্পানি ‘রিফাইন’-এর বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের (চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া) প্রতিনিধি ছিলেন। তিনি চুয়াডাঙ্গা শহরের থানা কাউন্সিলপাড়ার নাজমুল ইসলামের বাড়ির ভাড়াটে। সেখানেই স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে তিনি বসবাস করে আসছেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, মোস্তাফিজুর ওষুধের বকেয়া টাকা আদায়ের জন্য গত বুধবার সকাল সাতটায় বাসা থেকে মেহেরপুরের উদ্দেশে বের হয়ে আর ফেরেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি।
গত শনিবার চুয়াডাঙ্গা থানা কাউন্সিলপাড়ার বাসায় কথা হয় মোস্তাফিজুরের স্ত্রী কোহিনুরের সঙ্গে। তিনি জানান, তাঁর স্বামী গত মঙ্গলবার রাতে মেহেরপুরে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা ও একটি মুঠোফোন সেট ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের একজন তাঁর পরিচিত বলে মনে হয়েছে। পরদিন সকালে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি।
একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে চুয়াডাঙ্গার সব থানা এবং আশপাশের বিভিন্ন জেলার থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে।