ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের জাতীয় পার্টির (জাপা) সাংসদ সালাহউদ্দিন আহমেদের সঙ্গে ‘বেয়াদবি’র করার জেরে কিছু লোক ওষুধ কোম্পানির এক বিক্রয় কর্মকর্তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে।
ওই বিক্রয় কর্মকর্তার নাম দেলোয়ার হোসেন (৩০)। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বাড়ি মুক্তাগাছা পৌরসভার নতুনবাজার এলাকায়। তিনি ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) মুক্তাগাছা উপজেলার সাধারণ সম্পাদক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ও একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত রোববার সকালে বেশ কয়েকজন বিক্রয় কর্মকর্তা ও প্রতিনিধি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভিড় জমান। এতে বহির্বিভাগের রোগীদের ভোগান্তির শিকার হতে হয়। এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকের সামনে বিক্রয় কর্মকর্তাদের মোটরসাইকেল রাখায় চলাচলে সমস্যা হয়। এ খবর পেয়ে সকাল ১০টার দিকে সাংসদ সালাহউদ্দিন পুলিশ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। তিনি বিক্রয় কর্মকর্তাদের মোটরসাইকেল জব্দ করতে পুলিশকে নির্দেশ দেন। দেলোয়ার এই নির্দেশের প্রতিবাদ জানিয়ে সাংসদকে বলেন, ‘আমরা বৈধভাবে সপ্তাহে দুদিন এখানে আসি।’ এতে সাংসদ কিছুটা ক্ষিপ্ত হয়ে বলেন, এখন থেকে বেলা দেড়টার আগে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকতে পারবেন না। এ সময় ওষুধ কোম্পানির প্রতিনিধিরা সাংসদের কথা মেনে চলার আশ্বাস দেন।
হাসপাতালে চিকিৎসাধীন দেলোয়ার গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, কিন্তু ওই ঘটনার পর থেকে তাঁর মুঠোফোনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা সাংসদের সঙ্গে বেয়াদবি করার অভিযোগ তুলে হুমকি দিয়ে আসছিলেন। এর জেরেই গত বুধবার রাত আটটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কয়েকজন তাঁকে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেন। তিনি আরও বলেন, ‘হামলাকারীদের মধ্যে দুজনকে আমি চিনি। আমি বিষয়টি আমাদের সমিতির (ফারিয়া) কেন্দ্রীয় ও জেলার নেতাদের জানিয়েছি। তাঁরা মামলার সিদ্ধান্ত নেবেন।’
জানতে চাইলে সাংসদ সালাহউদ্দিন আহমেদ বলেন, রোববার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে কারও সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়নি। পাওনা টাকা না পেয়ে ওই কর্মকর্তাকে মারধর করা হয়েছে বলে তিনি শুনেছেন। এর সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই।
মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, ‘ঘটনার দিন আমি স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলাম না। পরে শুনেছি, সামান্য অপ্রীতিকর ঘটনা ঘটেছে।’
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম বলেন, মারধরের ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।