বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বুধবার বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের অর্ধশতাধিক ব্যাগ জব্দ করা হয়েছে। রোগী দেখার সময় বহির্বিভাগের চিকিৎসকদের সামনে তাঁরা ভিড় করেছিলেন। হাসপাতালের পরিচালক এস এম সিরাজুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুর ১২টার দিকে হাসপাতালের পরিচালকের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। তিনি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের সব সময় হাসপাতালের ভেতরে অবস্থানের বিষয়ে ক্ষুব্ধ। এটা রোধে অভিযান চালিয়ে প্রতিনিধিদের ব্যাগগুলো জব্দ করেন পরিচালক।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে দেখা করার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু তারপরও তাঁরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাসপাতালে ভিড় করেন। এতে রোগী ও চিকিৎসক উভয়েরই সমস্যা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে বিক্রয় প্রতিনিধিরা তাঁদের ব্যাগ রেখে চলে যান। পরে ব্যাগগুলো জব্দ করা হয়। রোগীদের সেবা স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে পরিচালক জানিয়েছেন।
হাসপাতালের চতুর্থ শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোদাচ্ছের আলী বলেন, ভোর থেকে গভীর রাত পর্যন্ত হাসপাতালের প্রতিটি বিভাগ দখল করে রাখেন বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা। রোগী দেখার সময় চিকিৎসকদের কক্ষে গিয়ে তাঁরা তাঁদের কোম্পানির ওষুধ লেখার জন্য চিকিৎসকদের কাছে অনুনয়-বিনয় করেন। তাঁর অভিযোগ, রোগীরা চিকিৎসকের কক্ষ থেকে ফেরার পথে চিকিৎসকের দেওয়া ব্যবস্থাপত্র নিয়ে টানাহেঁচড়া করেন বিক্রয় প্রতিনিধিরা। অনেক সময় নিজেদের কোম্পানির ওষুধ না লিখলে তাঁরা নিজেরা ব্যবস্থাপত্রে চিকিৎসকের দেওয়া ওষুধ পরিবর্তন করে তাঁদের কোম্পানির ওষুধ লিখে দেন। এমন নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিচালকের নেতৃত্বে অভিযান চালানো হয়েছে।