ওষুধ চুরির ঘটনায় ছয়জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধ চুরির ঘটনায় পুলিশ হাসপাতালের কর্মকর্তা, ফার্মেসির মালিক ও ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার সুমন কুমার কুণ্ডু বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। পুলিশ সুপার ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদকে মামলাটি তদন্তের দায়িত্ব দিয়েছেন।
মামলার বাদী সুমন কুমার কুণ্ডু জানান, গত রোববার সন্ধ্যায় ওষুধ পাচারের সময় হাসপাতালের সামনে মেডি পয়েন্ট ডায়াগনিস্টিক সেন্টারের কর্মচারী সবুজ (২০) ও শিবলুকে (১৮) দেখে ফেলেন হাসপাতালের কয়েকজন কর্মচারী। কর্মচারীরা ও স্থানীয় লোকজনের সহায়তায় হাতেনাতে পাচারকারীদের আটক করেন। পরে কোতোয়ালি থানায় খবর দেওয়া হয়। এরপর আটক দুজনের স্বীকারোক্তি অনুযায়ী, পুলিশ মা ফার্মেসি ও আল আমিন ক্লিনিক থেকে শতাধিক রকমের দুই বস্তা ওষুধ উদ্ধার করে। এর দাম প্রায় দুই লাখ টাকা।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মেডিকেল কলেজ হাসপাতালের মজুদাগার (স্টোর) থেকে ওষুধ চুরি করে আসছিল। তারা ওষুধগুলো প্রধানত হাসপাতালের সামনে মা ফার্মেসি ও মেডি পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টারে বিক্রি করে আসছিল। ওষুধ চুরি করে বিক্রির সময় হাতেনাতে আটক দুজনকে রোববার সন্ধ্যায় পুলিশ জিজ্ঞাসাবাদ করে। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী রোববার রাতেই মা ফার্মেসির মালিক জহুরুল ইসলাম (৪৫) ও আল আমিন ক্লিনিকের কর্মচারী সোহেল রানাকে (২১) গ্রেপ্তার করা হয়। এরপর আটক চারজনকে আবার জিজ্ঞাসাবাদ করলে তাঁরা হাসপাতালের দুই কর্মকর্তার নাম প্রকাশ করেন। গতকাল সোমবার ভোরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্টোর কর্মকর্তা আজমানুল হক (৫০) ও সহকারী স্টোর কর্মকর্তা রেজাউল আলম শাহীনকে (৪০) গ্রেপ্তার করে। তবে আল আমিন ক্লিনিকের মালিক পলাতক রয়েছেন।
এ ব্যাপারে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক সিদ্দিকুর রহমান বলেন, পুলিশ ঘটনা তদন্ত করছে। তদন্তে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।