ওষুধ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট শহরের সবুজনগরের তরিকুল ইসলাম (৩২) নামের এক ওষুধ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সবুজনগর এলাকার জয়পুরহাট-পাঁচুরচক সড়কের দক্ষিণ পাশের একটি জমি থেকে গতকাল শনিবার সকালে পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করেছে।
এ ঘটনার প্রতিবাদে গতকাল শহরের ওষুধ ব্যবসায়ীরা সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত ওষুধের দোকান বন্ধ রাখেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় নিহত তরিকুলের বাবা আবদুল কুদ্দুস বাদী হয়ে জয়পুরহাট থানায় মামলা দায়ের করেছেন। ওসি দাবি করেন, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তারা নিশ্চিত হলেও মামলার স্বার্থে তা প্রকাশ করতে চান না। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
থানা-পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্র জানায়, তরিকুল ইসলাম শহরের পদ্মা ক্লিনিক-সংলগ্ন টিএমএসএস ফার্মেসির মালিক। দুর্বৃত্তরা শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে তাঁকে গলা কেটে হত্যা করে। ভোরে স্থানীয় লোকজন তাঁর মৃতদেহ দেখতে পেয়ে থানায় ও পরিবারকে খবর দেয়। সকাল নয়টার দিকে পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে জয়পুরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত তরিকুলে বড় ভাই মামুনুর রশিদ বলেন, তরিকুল ইসলাম ওষুধ ব্যবসায়ী। শহরের প্রধান সড়কের সিও কলোনি এলাকার পদ্মা ক্লিনিকের পাশেই তাঁর দোকান। গত রাতে তরিকুল বাড়ি ফেরেননি। সকালে বাসার অদূরে পাঁচুরচক সড়কের পাশের একটি জমি থেকে পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করেছে। তাঁর গলা কাটা এবং গালের এক পাশে কাটা ছিল। হত্যার কারণ সম্পর্কে তিনি কিছুই বলতে পারছেন না।