ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের কাউনিয়ায় রহমত আলী (৬০) নামে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বলেন, নিহত রহমত আলীর বাড়ি উপজেলার মধুপুর ইউনিয়নের মাসকুরুনি পাড়ায়। এলাকার চৈতার মোড় বাজারে তাঁর ওষুধের দোকান রয়েছে। রাতে দোকান বন্ধ করে পায়ে হেঁটে বাড়ি ফেরার সময় চৈতার মোড়ে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পরে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
ওসি জাহিদুল আরও বলেন, পুলিশের সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের মাথা ও ঘাড়ে ধারালো ছুরির জখম রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ জানা যায়নি। এ ঘটনায় কাউকে আটকও করা যায়নি।