ওষুধের উৎপাদন তারিখ ২০১৭!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্বাসকষ্টের ওষুধের মোড়কে উৎপাদন তারিখ লেখা আগস্ট ২০১৭৷ আর মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা রয়েছে ২০১৮ সালের ডিসেম্বর৷ পুরান ঢাকার বাবুবাজারে অভিযান চালিয়ে এমন প্রায় ৩০ ধরনের নকল ওষুধ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত৷

গত মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তর ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) যৌথ এ অভিযান পরিচালনা করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ। এ ঘটনায় একটি প্রতিষ্ঠানের দুজন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ২৮ জনের বিরুদ্ধে ঔষধ প্রশাসন অধিদপ্তর থানায় বিশেষ আইনে মামলা করেছে।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক এ টি এম গোলাম কিবরিয়া খান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় বাবুবাজারের আলী মেডিসিন মার্কেটে অভিযান চালানো হয়। এ সময় আলী মেডিসিন মার্কেটের এম এস রাবেয়া ড্রাগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নকল ওষুধ পাওয়া যায়। এই প্রতিষ্ঠানের কর্মচারী পেয়ার আহমেদ ও সাধু বর্মণকে আটক করে পুলিশ। পরে তাঁদের তথ্যের ভিত্তিতে সুরেশ্বরী মার্কেট ও জমজম মার্কেটে এম এস রাবেয়া ড্রাগের আরও দুটি গুদামে অভিযান চালায় র‌্যাব। এই তিনটি গুদামে অভিযান চালিয়ে ভারতীয় ৩০ ধরনের নকল ওষুধ উদ্ধার করা হয়। বাবুবাজারে র‌্যাবের উপস্থিতি দেখে এই দুটি গুদামের কর্মীরা আগেই পালিয়ে যান। পরে এই প্রতিষ্ঠানের মালিক আমীর উদ্দিনকে প্রধান আসামি করে আটক এই ২ জনসহ অজ্ঞাতনামা ২৫ জনের বিরুদ্ধে কোতোয়ালি থাকায় মামলা করা হয়। এসব ওষুধের বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা৷

গতকাল র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই অভিযান পরিচালনার সময় প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন সময় ভারত থেকে চোরাই পথে এসব ওষুধ দেশে আনে। এই ওষুধের অধিকাংশই মেয়াদোত্তীর্ণ। এসব ওষুধ বাজারজাত করতে মোড়কে অগ্রিম তারিখ দিয়ে প্যাকেটজাত করা হয়।

অভিযানে র‌্যাব-১-এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান, ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক মো. মহিদ ইসলাম, মনির উদ্দিন আহমেদ ও সায়লা নওসেদ উপস্থিত ছিলেন।