ওষুধের কাঁচামাল ভরা কাভার্ড ভ্যানে ডাকাতি, গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওষুধ তৈরির ৯২ লাখ টাকার কাঁচামাল ডাকাতি করে ৬৫ লাখ টাকায় বিক্রি করে দিয়েছিল ডাকাত দল। পুলিশ ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে। মালামালও উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন রেজাউল ইসলাম (৩৫), মো. আশরাফ (৪০), নঈমুল হক আকন্দ (৩৭), মাইক্রোবাস সরবরাহকারী আনোয়ার হোসেন (৪৩) এবং মালামালের ক্রেতা জসিম উদ্দিন (৩৪) ও আবু জাহিদ (৩৬)।
ঘটনাটি গত বৃহস্পতিবারের। পুলিশ জানিয়েছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বেসরকারি ওষুধ শিল্পপ্রতিষ্ঠানের ৮৭৫ কেজি ওষুধ তৈরির কাঁচামাল খালাস করে একটি কাভার্ড ভ্যানে তোলা হয়। সেগুলো ২৫ কেজি ওজনের ৩৫টি ড্রামে ছিল। কাভার্ড ভ্যানটি নারায়ণগঞ্জের কারখানায় নিয়ে যাওয়ার কথা ছিল। কাঁচামালগুলো কাভার্ড ভ্যানে তোলার সময় ডাকাত দলের সদস্য রেজাউল মুঠোফোনে কাঁচামালের পরিমাণ ও দাম নঈমুলকে জানান। তাঁরা এই কাঁচামালগুলো লুট করার পরিকল্পনা করেন।
গতকাল সবুজবাগ থানায় সংবাদ সম্মেলন করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার মোনালিসা বেগম বলেন, পরিকল্পনা সফল করতে রেজাউল একটি মোটরসাইকেলে করে বিমানবন্দর থেকে কাভার্ড ভ্যানটির পিছু নেন। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সবুজবাগ এলাকায় পৌঁছালে রেজাউল মোটরসাইকেলটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লাগান। এ নিয়ে কাভার্ড ভ্যানে থাকা চালকসহ দুজনের সঙ্গে তিনি কথা-কাটাকাটি শুরু করেন। এরপর তিনি তাঁর এক সহযোগীকে ফোন করেন। এর পরপরই মাইক্রোবাসে করে তাঁর দুই সহযোগী ঘটনাস্থলে এসে কাভার্ড ভ্যানের চালকের কাছ থেকে চাবিটি নিয়ে নেন। তাঁরা থানায় নিয়ে যাওয়ার কথা বলে কাভার্ড ভ্যানের চালকসহ দুজনকে মাইক্রোবাসে তুলে নেন। পরে ওই দুজনকে মিরপুর বেড়িবাঁধ এলাকায় নিয়ে ছেড়ে দেন। এদিকে চক্রের এক সদস্য কাভার্ড ভ্যানসহ কাঁচামাল নিয়ে চলে যান। তাঁরা জসিম উদ্দিন ও আবু জাহিদের কাছে ৬৫ লাখ টাকায় এগুলো বিক্রি করে দেন। পরে এ ব্যাপারে সবুজবাগ থানায় মামলা হলে পুলিশ অভিযানে নামে। মোনালিসা বেগম বলেন, তদন্তে নেমে পুলিশ প্রথমে মাইক্রোবাসটির সন্ধান পায়। এর মালিক আনোয়ার হোসেন। কাভার্ড ভ্যানে ডাকাতির সময় মাইক্রোবাসে ছিলেন মো. আশরাফ। তিনি ডাকাত দলের সদস্য। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাও আছে।