ওষুধের দোকানে শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একরামপুরের ইস্পাহানি বাজারে গত শনিবার রাতে জামান মেডিকেল কর্নার নামে একটি ওষুধের দোকানে এক শিশুর মৃত্যু হয়েছে। ইনজেকশন দেওয়ার পর শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
মারা যাওয়া শিশুটির নাম আরবি। বয়স আট মাস। সে বন্দরের ইস্পাহানি এলাকার হানিফ মিয়ার ছেলে। এলাকাবাসীর বরাত দিয়ে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ বলেন, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ায় শনিবার বিকেলে শিশুটিকে এক চিকিৎসককে দেখানো হয়। চিকিৎসক ব্যবস্থাপত্রে শিশুটিকে নেবুলাইজার দেওয়ার জন্য লিখে দেন। আর তাতে কাজ না হলে শিশুটিকে একটি ইনজেকশন দেওয়ার জন্য লিখে দেন চিকিৎসক। শনিবার রাতে হানিফ মিয়া শিশুটিকে জামান মেডিকেল কর্নারে নিয়ে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী নেবুলাইজার দিতে বলেন। এ সময় দোকানি আজহার শিশুটিকে নেবুলাইজার দেন। তবে শিশুটির শ্বাসকষ্ট কমেনি। তাই আজহার ব্যবস্থাপত্র অনুযায়ী ইনজেকশন দিতে শিশুটির বাবা হানিফকে পরামর্শ দেন। হানিফ তাতে সম্মত হলে আজহার শিশুটিকে ইনজেকশন দেন। ইনজেকশন দেওয়ার ১০ মিনিটের মধ্যেই শিশুটির মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ মানুষ ফার্মেসি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ এসে আজহারকে আটক করে।