ওষুধের দোকানে জরিমানা, প্রতিবাদে দোকান বন্ধ
কুষ্টিয়ায় আজ সোমবার দুপুরে বিভিন্ন অনিয়মের কারণে কয়েকটি ওষুধের দোকানকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এর প্রতিবাদে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি কুষ্টিয়া শাখার আওতাধীন ওষুধের দোকানগুলো বন্ধ করে দেন ব্যবসায়ীরা। এতে চরম দুর্ভোগে পড়েন রোগীরা।
আজ বেলা সাড়ে তিনটার দিকে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম নূরে তাসনিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সামনের এলাকার দোকানে অভিযান চালানো হয়। অভিযানে পাঁচটি দোকানকে আট হাজার টাকা জরিমানা করা হয়।
নূরে তাসনিম প্রথম আলোকে বলেন, লাইসেন্স না থাকা, ‘বিক্রির জন্য নয়’—এমন ওষুধ রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা করা হয়েছে।
জরিমানা করার প্রতিবাদে কুষ্টিয়া শহরের হাসপাতাল মোড়, কলেজ মোড়, এনএস রোড এলাকার শতাধিক ওষুধের দোকান বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তিন ঘণ্টা বন্ধ রাখেন ব্যবসায়ীরা। এতে সাধারণ রোগীরা চরম দুর্ভোগে পড়েন।
কুষ্টিয়া মিরপুর উপজেলার কামিরহাট গ্রাম থেকে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রোগী নিয়ে আসেন আসাদুল হক। তিনি প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসক জরুরিভাবে একটি ইনজেকশন আনতে বললেন। কিন্তু দোকান বন্ধ বলে কিনতে পারিনি।’
জরিমানা করার প্রতিবাদে আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের কোর্টপাড়া এলাকায় সমিতির কার্যালয়ে এক জরুরি সভা হয়। সভার পর দোকান আবার খুলে দেওয়া হয়। এ ব্যাপারে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি কুষ্টিয়া শাখার সভাপতি রফিকুল আলম প্রথম আলোকে বলেন, কিছু কিছু দোকান খুলে দেওয়া হয়েছে। হঠাৎ করেই দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল। সবার আইনের প্রতি শ্রদ্ধা রাখা উচিত। সমস্যা হলে দোকান বন্ধ করে প্রতিবাদ জানানো ঠিক নয়।
জেলা প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভ্রাম্যমাণ আদালতের নীতিমালা অনুসারে অভিযান চালানো হয়েছে। এ রকম অভিযান অব্যাহত থাকবে।