ওষুধের ফ্রিজে আইসক্রিম, মেয়াদোত্তীর্ণ ইনসুলিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর ডায়াবেটিক সমিতি মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালিত ফার্মেসিতে ফ্রিজে ওষুধের সঙ্গে আইসক্রিম এবং মেয়াদোত্তীর্ণ ইনসুলিন পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত ওই হাসপাতালের ফার্মেসিতে অভিযান চালিয়ে এসব আইসক্রিম ও ইনসুলিন উদ্ধার করেন।

বেলা দুইটার দিকে এ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও ডেপুটি কালেক্টর নেজারত (এনডিসি) পারভেজ মল্লিক। অভিযানে আদালত ওই ফার্মেসির বিক্রয়কর্মী শহরের শোভারামপুর এলাকার টেকেন শেখকে (৩২) ১০ হাজার টাকা জরিমানা করেন।

ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লায় অবস্থিত ডায়াবেটিক সমিতি মেডিকেল কলেজ ও হাসপাতালের ভেতরে পুরোনো ভবনের নিচতলায় ডায়াবেটিক সমিতির নিজস্ব তত্ত্বাবধানে ওই ফার্মেসিটি পরিচালিত হয়।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৮) ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রইসউদ্দিন প্রথম আলোকে জানান, তিন দিন আগে ওই ফার্মেসি থেকে এক রোগীর কাছে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা হয়েছে—এমন অভিযোগ পেয়ে ওই ফার্মেসিতে অভিযান চালানো হয়। অভিযানকালে সেখান থেকে ইনসুলিনসহ মেয়াদোত্তীর্ণ ৩৩ ধরনের ওষুধ জব্দ করা হয়। ডিপফ্রিজে কোনো ওষুধ রাখার নিয়ম না থাকলেও সেখানে ওষুধ ও আইসক্রিম একসঙ্গে পাওয়া যায়। এ সময় ওই ফার্মেসি থেকে বাংলাদেশে নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় সিরিঞ্জও জব্দ করা হয়।

নির্বাহী হাকিম পারভেজ মল্লিক বলেন, অভিযানের পর সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ফার্মেসির বিক্রয়কর্মী টেকেন শেখকে দোষী সাব্যস্ত করে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ভারতীয় সিরিঞ্জ বিনষ্ট করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শেখ আবদুস সামাদ ‘এটি নিয়মবিরুদ্ধ ও অনৈতিক কাজ হয়েছে’ বলে উল্লেখ করে বলেন, ‘আমাদের পরিচালিত ফার্মেসিতে এমন অনৈতিক কাজ কীভাবে সংঘটিত হলো, তা খতিয়ে দেখব। এ বিষয়ে বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ওই কমিটির সুপারিশের আলোকে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’