ওষুধের ফ্রিজে মাছ: তিন ফার্মেসির জরিমানা
ওষুধের সংরক্ষিত ফ্রিজে পাওয়া গেল কই মাছ, শোলমাছ ও দুধ। আজ সোমবার বিকেলে খুলনা শিশু হাসপাতালের সামনের কয়েকটি ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে ফ্রিজ থেকে এসব বের হয়।
বেআইনিভাবে ওষুধের ফ্রিজে এসব রাখার দায়ে ড্রাগ হাউস ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা করে আদালত। এ ছাড়া ঐশী ফার্মেসিকে ৩০ হাজার টাকা ও ওষুধ সম্ভার ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এসব ফার্মেসি থেকে জব্দ করা বিপুল পরিমাণ মেয়াদহীন ওষুধ পুড়িয়ে ফেলা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন খুলনার নির্বাহী হাকিম আতিকুল ইসলাম। এ সময় সঙ্গে ছিলেন খুলনার ওষুধ তত্ত্বাবধায়ক মাহমুদ হাসান, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও মেট্রোপলিটন পুলিশের সদস্য।
নির্বাহী হাকিম আতিকুল ইসলাম বলেন, শিশু হাসপাতালের সামনে অবস্থিত ফার্মেসি গুলোতে শিশুদের জন্য প্রয়োজনীয় ওষুধই বেশি বিক্রি করা হয়। এখানে নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করার কথা থাকলেও সেটি মোটেই মেনে চলা হয় না। প্রায় সময়ই ক্রেতারা এদের বিরুদ্ধে নানা রকম হয়রানির অভিযোগ করে আসছেন। শাস্তি পাওয়া ফার্মেসির মালিকেরা আর এ ধরনের অপরাধ করবেন না মর্মে প্রতিশ্রুতি দিয়েছেন।