ওষুধের ১০টি দোকানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদনহীন সরকারি, ভেজাল, ফুড সাপ্লিমেন্ট ও ডাক্তারি স্যাম্পলের ওষুধ বিক্রির অপরাধে নগরের বিভিন্ন স্থানে ওষুধের ১০টি দোকানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দিনভর নগরের বাকলিয়া, চান্দগাঁও, জামালখান ও ফিরিঙ্গিবাজার এয়াকুব নগর এলাকায় এই অভিযান চালানো হয়।

জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন অভিযানে নেতৃত্ব দেন। এ সময় চট্টগ্রামের ওষুধ তত্ত্বাবধায়ক মুহসীনিন মাহবুব উপস্থিত ছিলেন।

রুহুল আমিন জানান, নগরের এয়াকুবনগর এলাকার ৩ ফার্মেসি থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ জব্দ করা হয়। সরকারি ওষুধ বিক্রির অপরাধে এস জি এস ফার্মেসিকে ১ লাখ টাকা এবং মা ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা হয়। একই এলাকার জয় ফার্মেসি অভিযান দেখে দোকান বন্ধ করে পালিয়ে যায়। পরে তালা ভেঙে ওই দোকান থেকে সরকারি ওষুধ জব্দ করা হয়। পরে ফার্মেসিটি তালা বন্ধ করে চাবি বাড়ির মালিককে বুঝিয়ে দেওয়া হয়।

এ ছাড়া জামালখান এলাকার ড্রাগ হাউসকে ১০ হাজার, মনীষা ফার্মেসিকে পাঁচ হাজার, জনসেবা ফার্মেসিকে পাঁচ হাজার, খাজা রোডের আহম্মদ অ্যান্ড সন্সকে ১০ হাজার, জয়নব মেডিকেল হলকে পাঁচ হাজার, রহমানিয়া মেডিকেল হলকে পাঁচ হাজার, পপুলার ফার্মেসিকে পাঁচ হাজার, বাকলিয়া নতুন ব্রিজ এলাকার কাজি মেডিকেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ওষুধ তত্ত্বাবধায়ক মুহসীনিন মাহবুব বলেন, অভিযানে ৭৫ হাজার টাকা মূল্যের প্রায় ১০ কার্টন ওষুধ জব্দ করা হয়।