ওসমানী মেডিকেল কলেজের দুই কর্মচারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবর থেকে মরদেহ তুলে কঙ্কাল বিক্রির সঙ্গে জড়িত একটি চক্রের সন্ধান পেয়েছে র‌্যাব-৯। তিনটি কঙ্কালসহ বেল্লাল হোসেন ও হিরা মিয়া নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তারা। এই দুজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের কর্মচারী।

র‌্যাব-৯ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, গত মঙ্গলবার রাতে সিলেট শহরে হজরত শাহজালাল (রহ.) দরগাহের দ্বিতীয় গেটসংলগ্ন এলাকা থেকে একটি মানব কঙ্কালসহ বেল্লাল হোসেনকে (৪০) আটক করা হয়। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে কঙ্কাল ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তিনি জানান, মানব কঙ্কাল সংগ্রহের জন্য পংকি মিয়া নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। পরে অনুসন্ধান করে জানা যায়, পংকি মিয়া সিলেট শহরতলির কালাগুল এলাকায় একটি মাজারের খাদেম হলেও আড়ালে কঙ্কালের ব্যবসা করছেন। পংকি মিয়া কবর থেকে লাশ তুলে বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে লাশকে কঙ্কালে পরিণত করেন। পরে চাহিদা অনুযায়ী বেল্লাল হোসেনকে দিয়ে বিভিন্ন জায়গায় সরবরাহ করেন।

আটক বেল্লালের দেওয়া তথ্য অনুযায়ী, সিলেট ওসমানী মেডিকেল কলেজের অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগ থেকে বুধবার রাতে অভিযান চালিয়ে আরও দুটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় বেল্লালের সহযোগী ও মেডিকেল কলেজের কর্মচারী মো. হীরা মিয়াকে (২১)।

এ ঘটনায় মামলা হয়েছে। আটক দুজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯-এর এএসপি (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক বলেন, এই ব্যবসার সঙ্গে জড়িত পুরো চক্রকে শনাক্ত ও আটক করতে র‌্যাবের বিশেষ দল তদন্ত অব্যাহত রেখেছে।