ওসমানী হাসপাতালে আহাজারি, চিৎকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 সিলেট মহানগরে সন্দেহভাজন জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ অভিযান চলার সময় দুই দফা বোমা বিস্ফোরণে অন্তত ৪০ জন আহত ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ইতিমধ্যে এখানে আসা আহত দুজন মারা গেছেন। আহত অন্যদের আর্তচিৎকার, তাঁদের স্বজনদের আহাজারি হাসপাতালের পরিবেশকে ভারী করে তুলেছে।

হাসপাতালের তিনতলার ৯ নম্বর ওয়ার্ড ও চারতলার ১১ নম্বর ওয়ার্ডে আহত ব্যক্তিরা আছেন। তাঁদের অনেকের শরীর থেকে এখনো রক্ত ঝরছে। তাঁদের শুশ্রূষা দিতে, প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা করতে হাসপাতালের চিকিৎসক বা নার্সদের সঙ্গে ছুটছেন স্বজনেরাও।
আহত ব্যক্তিদের মধ্যে জালালাবাদ থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলামের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আহত হয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি শাহ মো. হারুন অর রশিদ। আহত অবস্থায় তিনি বলেন, প্রথম দফার বিস্ফোরণের পর তিনি গ্রেনেড উদ্ধার করতে যান। উদ্ধারের সময় তা বিস্ফোরণে তাঁর ডান পায়ে ও মাথায় স্প্রিন্টার ঢুকে যায়।
দুই ওয়ার্ডে যেসব আহত ব্যক্তি আছেন, এর মধ্যে অন্তত ১২ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। অন্যরা সাধারণ মানুষ। তাঁদের একজন শিরিন মিয়া। তাঁর হাত, পেট ও মাথা থেকে রক্ত ঝরছে। হাসপাতালের চতুর্থ তলার ওয়ার্ডের মাটিতে শুয়ে রাখা হয়েছে তাঁকে। শিরিন মিয়ার বাড়ি দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে বলে জানিয়েছেন তিনি।
এই হাসপাতালে আহত ব্যক্তিদের মধ্যে মারা যান ওয়াহিদুল ইসলাম অপু (২৬)। তিনি মদনমোহন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বলে জানান তাঁর বন্ধু জয়শর্মা চৌধুরী। তিনি বলেন, অভিযান চলা দেখতে আজ সকালে অপু তাঁকে আসতে বলেন। কাজের কথা বলে জয়শর্মা সেখানে আসেননি।