ওসমানীনগরে দুই স্কুলছাত্রকে হত্যা করে লাশ ডোবায়
সিলেটের ওসমানীনগরে স্কুলছাত্র দুই শিশুকে নৃশংস কায়দায় হত্যা করে ডোবায় ফেলে রাখা হয়েছে। গতকাল সোমবার রাত নয়টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার চিন্তামণি গ্রামের ডোবা থেকে শিশু দুটির লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত দুই শিশুর নাম আবদুল মুমিন (১১) ও রুজেল আহমদ (৭)। দুজন চিন্তামণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও দ্বিতীয় শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, দুপুরের দিকে দুই শিশুর বাবা সাব্বির আহমদ দুজনকে নিয়ে মাছ ধরতে যান। সন্ধ্যার পর সাব্বির বাড়ি ফিরলেও দুই শিশু বাড়ি না ফেরায় এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করে। রাত আটটার দিকে চিন্তামণি গ্রামের ডোবায় তাদের লাশ দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। এ সময় দুই শিশুর বাবা পালিয়ে যান।
দুই শিশুর একজন প্রতিবেশী বলেন, ডোবার মধ্যে লাশ পড়ে থাকতে দেখে তাদের বাবার খোঁজ করা হয়। এ সময় বাবা বাড়ি থেকে পালিয়ে যান। লাশ উদ্ধারের পর দুই শিশুর শরীরে অসংখ্য জখমের চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে মুমিনের শরীরের বিভিন্ন জায়গা রক্তাক্ত ছিল।
রাত সাড়ে নয়টার দিকে যোগাযোগ করলে ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুই শিশু বাবার সঙ্গে মাছ ধরতে বের হয়েছিল। ঘটনার পর থেকে বাবাকে না পাওয়ায় ধারণা করা হচ্ছে হত্যার সঙ্গে তিনিও জড়িত।