ওসমানীনগরে ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ওসমানীনগর থানার ফটকের সামনে থেকে এক দোকানমালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মন্টু দেব (৪২)। গতকাল সোমবার ভোরে দোকানের বাইরে লাশ পড়ে থাকতে দেখে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

মন্টুর গলায় ছুরিকাঘাতের চিহ্ন ও পরনের লুঙ্গি গলায় প্যাঁচানো ছিল। পুলিশের ধারণা, দোকানে তাঁকে হত্যা করে লাশ বাইরে ফেলে পালিয়েছে খুনিরা। মন্টুর বাড়ি ওসমানীনগর উপজেলা সদরের ইলাশপুর গ্রামে। বাড়িতে স্ত্রী ও দুই সন্তান থাকেন। মন্টু ব্যবসার কারণে দোকানে রাতযাপন করতেন। ওসমানীনগর থানা ফটকলাগোয়া মন্টুর চা-দোকান, ফ্লেক্সিলোডও করা হতো।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত চার দিন ধরে রাজু মিয়া নামের এক যুবককে সঙ্গে নিয়ে মন্টু দোকানে রাতযাপন করতেন। রাজুকে তিনি ‘বন্ধু’ বলে পরিচয় দিতেন। গত রোববার রাতে বাড়িতে রাজু ও মন্টু একসঙ্গে খাওয়াদাওয়া সেরে দোকানে ঘুমাতে যান। পরদিন তাঁর লাশ উদ্ধারের পর রাজুর খোঁজ না পাওয়ায় ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি মন্টুকে খুন করে পালিয়েছেন।

আরেকটি লাশ উদ্ধার ওসমানীনগরের ব্রাহ্মণগ্রাম এলাকা থেকে কাছাই মিয়া (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে পরিবারের সদস্যরা বাড়ির পাশে নারকেলগাছের গোড়ায় লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।