ওসি প্রত্যাহার
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেককে প্রত্যাহার করে খুলনা রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। কুষ্টিয়া পুলিশের গোয়েন্দা শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ না করে আজ রোববার বেলা দেড়টার দিকে প্রথম আলোকে এ কথা বলেন।
কুষ্টিয়ায় গতকাল শনিবার জাতীয় শোক দিবসের র্যালি শেষে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হওয়ার পরদিন ওসিকে প্রত্যাহারের ঘটনা ঘটল।
গতকাল সংঘটিত ওই ঘটনার প্রত্যক্ষদর্শীদের ভাষ্য এবং ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে, সংঘর্ষের সময় ঘটনাস্থলের ৩০-৩৫ ফুট দূরেই অবস্থান করছিলেন ওসি আবদুল খালেকসহ পুলিশের একটি দল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে জেলা আওয়ামী লীগ শহরে র্যালি বের করে। এতে সহযোগী বিভিন্ন সংগঠনের ব্যানারে নেতা-কর্মীরা অংশ নেন। দুপুর সোয়া ১২টার দিকে শহরের মজমপুর রেলগেট এলাকার উত্তর দিকে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে র্যালিটি শেষ হয়। এরপর নেতা-কর্মীরা যে যাঁর মতো আশপাশেই অবস্থান নেন। কিছুক্ষণের মধ্যে ম্যুরালের একটু দূরে রেলগেটের দক্ষিণ দিকে দুটি মিছিল মুখোমুখি হয়। একটি জেলা স্বেচ্ছাসেবক লীগের, অন্যটি শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোমিনুর রহমানের সমর্থকদের।
দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে হাসপাতালে মারা যান সবুজ।
সংঘর্ষ চলাকালে কালো পাঞ্জাবি পরিহিত এক যুবক গুলি চালাচ্ছিলেন। তাঁর নাম আনিচুর রহমান ওরফে আনিচ। তিনি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিলেন। প্রায় দেড় বছর আগে ঢাকার পল্লবী থানায় থাকাকালে চাকরিচ্যুত হন। তাঁর বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার ঢাকা ঝালুপাড়া গ্রামে। বাবার নাম মোশাররফ হোসেন মণ্ডল। আনিচের গ্রামের দুজন বাসিন্দা এবং জেলা গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: