ওসি বললেন আ.লীগ ছাড়া গতি নেই
আওয়ামী লীগ ছাড়া কোনো গতি নেই বলে মন্তব্য করেছেন লালমনিরহাটের হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন প্রধান। গত রোববার রাতে বিএনপি ও জাতীয় পার্টি থেকে নেতা-কর্মীদের আওয়ামী লীগে যোগদানের একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
উপজেলার গড্ডিমারী উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ মোতাহার হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও জাতীয় পার্টির বেশ কিছু নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দেন। অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের একপর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে ডাকা হয় ওসি আবদুল মতিনকে। বক্তব্য দিতে গিয়ে আওয়ামী লীগে যোগ দেওয়ার জন্য এ দুটি দলের লোকজনকে সাধুবাদ জানান তিনি।
ওসি আবদুল মতিন সাংসদ মোতাহার হোসেনের প্রশংসা করে বলেন, এত ভালো পরিশ্রমী একজন সৎলোক থাকা সত্ত্বেও তাঁকে পূর্ণ মন্ত্রী করা হয়নি। ওসি বলেন, ‘আমি মধুর ভাষায় অভিনন্দন জানাই যাঁরা আজ বিএনপি এবং জাতীয় পার্টি থেকে দেরিতে হলেও আওয়ামী লীগে যোগ দিচ্ছেন তাঁদের। তাঁরা বুঝেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কোনো গতি নাই।’ এ সময় তিনি সাংসদ এবং তাঁর ছেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের প্রশংসা করেন।
ওই বক্তব্যের এক দিন পর গত সোমবার রাতে এসএস উচ্চবিদ্যালয় মাঠে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত অপর এক অনুষ্ঠানের মঞ্চে বসে থাকতে দেখা যায় ওসি আবদুল মতিনকে।
রোববারের ওই অনুষ্ঠানের মঞ্চে অন্যান্যের মধ্যে হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।
একজন সরকারি কর্মকর্তা হয়ে রাজনৈতিক দলের মঞ্চে উঠে বক্তব্য দেওয়া সঠিক হয়েছে কি না, জানতে চাইলে ওসি আবদুল মতিন প্রধান মুঠোফোনে বলেন, ‘আমি এগুলা বলি নাই।’ গতকাল রাতে প্রথম আলোর ঢাকা কার্যালয় থেকে তাঁর মুঠোফোনে ফোন করা হলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।