ওসিকে কারণ দর্শাও, ৯ পুলিশ সদস্য প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে গত মঙ্গলবার জামিন পাওয়া দুই আসামিকে আটকের চেষ্টায় বাধা দেওয়ায় এক আইনজীবীকে মারধরের পর আটক করে পুলিশ। প্রতিবাদে গতকাল বুধবার জেলা আইনজীবী সমিতি আদালত বর্জন করে বিক্ষোভ সমাবেশ করে। এ ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কারণ দর্শাও, দুই উপপরিদর্শকসহ (এসআই) নয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম জানান, ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত একজন কনস্টেবলের স্ত্রী জ্যোৎস্না আক্তার গত ডিসেম্বরে মাঈদুল ইসলাম নামের এক যুবকের সঙ্গে চলে যান। ১৪ ডিসেম্বর ওই কনস্টেবল এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় মামলা করেন। ১ জানুয়ারি জ্যোৎস্না আক্তারকে নিয়ে কুড়িগ্রাম আদালতে আত্মসমর্পণ করেন মাঈদুল। আদালত জ্যোৎস্নাকে পুলিশ হেফাজতে ও মাঈদুলকে কারাগারে পাঠান। পরে মাঈদুল আদালত থেকে জামিন পান। মঙ্গলবার বিকেলে জ্যোৎস্না মুখ্য বিচারিক হাকিম আদালত থেকে নিজ জিম্মায় জামিন লাভ করেন। এরপর মাঈদুলকে সঙ্গে নিয়ে কোর্ট চত্বর ত্যাগ করছিলেন জ্যোৎস্না। এ সময় পুলিশ তাঁদের আবারও আটকের চেষ্টা করে। এতে তাঁদের আইনজীবী তৌহিদুল ইসলাম বাধা দেন। এ সময় পুলিশ তৌহিদুলকে মারধর করে থানায় নিয়ে যায়।
এ খবর ছড়িয়ে পড়লে আইনজীবীরা আদালত বর্জন করে তৌহিদুলের মুক্তি দাবি করেন। সন্ধ্যায় পুলিশ তাঁকে ছেড়ে দেয়। কিন্তু আইনজীবীরা কুড়িগ্রাম সদর থানার ওসি মুর্শেদুল করিম মোহাম্মদ ইসতেশামসহ ঘটনার সঙ্গে জড়িত সব পুলিশ সদস্যকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেন। গতকাল দুপুরে জেলা আইনজীবী সমিতির সদস্যরা জজকোর্ট ও জুডিশিয়াল আদালত চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম আব্রাহাম লিংকন, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, মোহরার সমিতির সাধারণ সম্পাদক আবদুল বাতেন প্রমুখ।
ঘটনার দিনই সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুদ আলমকে ঘটনা তদন্ত করার নির্দেশ দেন পুলিশ সুপার (এসপি) তবারক উল্লাহ।
এএসপি মাসুদ আলম বলেন, ‘তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করেছি। এ ঘটনায় জড়িত থাকায় কুড়িগ্রাম সদর থানার ওসিকে শোকজ করা হয়েছে। এ ছাড়া কোর্ট এসআই মশিউর কবীর, কুড়িগ্রাম সদর থানার এসআই ওয়াহিদুজ্জামান মোল্লা ও অন্য সাত কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’
এস এম আব্রাহাম লিংকন গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার ঘটনা ইতিবাচক। সন্ধ্যায় আইনজীবী সমিতির সভায় আলোচনা করে আন্দোলন কর্মসূচির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এ ব্যাপারে ওসি মুর্শেদুল করিম মোহাম্মদ ইসতেশাম বলেন, ভুল-বোঝাবুঝির কারণে এ রকম ঘটনা ঘটেছে। মূলত দুই পক্ষের হট্টগোল থামাতে গিয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়।