বরগুনার তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা মনিরুজ্জামানের বিরুদ্ধে এবার থানার ওসিকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার লাউপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
মনিরুজ্জামান এর আগে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা, অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক এবং ভূমি কার্যালয়ের এক কর্মচারী ও তিন সাংবাদিককে মারধর করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শী কয়েক ব্যক্তি প্রথম আলোকে বলেন, তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান ও আওয়ামী লীগ প্রার্থী সুলতান আহমেদ ফরাজি ৭০-৮০ জন কর্মী-সমর্থক নিয়ে লাউপাড়া বাজারের নির্বাচনী কার্যালয়ে জমায়েত হন।
অন্যদিকে বর্তমান ইউপি চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী ফরাজি মো. ইউনুচ ও তাঁর ছেলে জেলা পরিষদ সদস্য হুমায়ূন কবির ফরাজি মোটরসাইকেলে করে তাঁদের লোকজন নিয়ে আমখোলা এলাকা থেকে লাউপাড়া বাজারে আসছিলেন। খবর পেয়ে আওয়ামী লীগ প্রার্থী সুলতান ফরাজির জামাই ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামানের ছোট ভাই তারেকুজ্জামানের নেতৃত্বে ৩০-৪০ সন্ত্রাসী বাজারের কাছাকাছি মোটরসাইকেলের গতিরোধ করে স্বতন্ত্র প্রার্থী ইউনুচ ফরাজি ও তাঁর ছেলেকে মোটরসাইকেল থেকে নামিয়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সন্ধ্যা ৬ থেকে রাত ৮টা পর্যন্ত থেমে থেমে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের ৫০ জন আহত হন। এ সময় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে দোকানপাট বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী অন্তত ছয় ব্যক্তি প্রথম আলোকে বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মৃদু লাঠিপেটা করলে সেখানে উপস্থিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান তাঁর লোকজন নিয়ে পুলিশের ওপর চড়াও হন। এ সময় তিনি প্রকাশ্যে তালতলী থানার ওসি কমলেশ চন্দ্র হালদারকে অবরুদ্ধ করে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। একপর্যায়ে তিনি ওসিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় তালতলী থেকে অতিরিক্ত পুলিশ আনা হয় এবং রাত সাড়ে নয়টার দিকে ওসি ও অন্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
সূত্রটি আরও জানায়, সংঘর্ষ চলার সময় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিজেরা ভাঙচুর করে ওসির বিরুদ্ধে ছবি ভাঙচুরের অভিযোগ আনা হয়। এরপর উপজেলা পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে ওসির বিরুদ্ধে মিছিল করা হয়।
স্বতন্ত্র প্রার্থী ফরাজি মো. ইউনুচের ছেলে বরগুনা জেলা পরিষদ সদস্য হুমায়ূন কবীর ফরাজি বলেন, ‘নির্বাচনী প্রক্রিয়া শুরুর পর থেকে উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান ও তাঁর বাহিনী আমাদের কোনো প্রার্থীকে বাড়ি থেকে নামতে দিচ্ছেন না। কর্মী-সমর্থকদের মারধর করছেন। গোটা ইউনিয়নের ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। আওয়ামী লীগ প্রার্থী সুলতান ফরাজি উপজেলা চেয়ারম্যানের ছোট ভাইয়ের শ্বশুর হওয়ায় তিনি যেকোনো মূল্যে দলীয় প্রার্থীকে বিজয়ী করার প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার রাতে আমার বাবা ও আমার ওপর নির্মমভাবে হামলা চালানো হয়েছে। এমনকি ওসিকেও উপজেলা চেয়ারম্যান শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন।’
তালতলী থানার ওসি কমলেশ চন্দ্র হালদার অবশ্য তাঁকে লাঞ্ছিত করার বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সেখানে যথাযথভাবে দায়িত্ব পালন করেছি। উপজেলা চেয়ারম্যানের কথামতো কাজ না করায় তিনি আমাকে অকথ্য ভাষায় গালাগাল করেছেন।’
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ প্রসঙ্গে ওসি বলেন, ‘জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনা ঘটিয়ে এখন পুলিশের বিরুদ্ধে একটা জঘন্য ইস্যু তৈরি করা হচ্ছে। এটা খুবই ন্যক্কারজনক ও ঘৃণিত কাজ।’
অভিযোগ প্রসঙ্গে উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান বলেন, ‘ওসি কমলেশ চন্দ্র হালদার স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নিয়ে নিজে আমাদের নির্বাচনী কার্যালয়ে হামলা চালান এবং বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি এবং চেয়ার-টেবিল ভাঙচুর করেন। এ জন্য নেতা-কর্মীরা সেখানে ওসির বিরুদ্ধে বিক্ষোভ করেছে।’ ওসিকে মারধর করেছেন আপনি—এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘এটা সত্য না। সামান্য বাগ্বিতণ্ডা হয়েছে।’
২৩ মে তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।