ওসির অপসারণ দাবিতে মোটরশ্রমিকদের বিক্ষোভ
ঘুষ দাবির অভিযোগে রাজশাহী নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণ দাবিতে গত সোমবার রাতে ও গতকাল মঙ্গলবার সকালে শিরোইল বাস টার্মিনালে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা মোটরশ্রমিক ইউনিয়ন।
হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার ব্যবস্থাপক মোহাম্মদ খোকন জানান, ১ মার্চ ভোরে দুর্বৃত্তরা নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকায় হানিফ এন্টারপ্রাইজের দুটি পুড়িয়ে দেয়। ওই রাতে হানিফ এন্টারপ্রাইজের কর্মকর্তা মঞ্জুর রহমান নগরের বোয়ালিয়া থানায় এজাহার দিলেও সেটি ফেরত দেওয়া হয়। পরে থানার এসআই শরিফুল ইসলাম দুটি মামলা করেন। তিনি অভিযোগ করেন, পুলিশের দায়ের করা মামলার এজাহার নিয়ে ক্ষতিপূরণের আবেদন করতে গিয়ে দেখেন যে এতে গাড়ির নামই দেওয়া হয়নি। দেওয়া হয়েছে সাংবাদিক আনু মোস্তফার নাম। কয়েক দিন ঘোরানোর পর তাঁর কাছ থেকে দুটি গাড়ির জন্য দুই লাখ টাকা ঘুষ দাবি করে পুলিশ।
ওসি আলমগীর হোসেন জানান, হানিফ এন্টারপ্রাইজের লোকেরা চান গাড়ির ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে এটা লিখে দিতে হবে। তিনি দুই লাখ টাকার ক্ষতির সনদ দিতে চেয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে ঘুষ চাওয়ার কথা বলা হচ্ছে।