ওসির জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য অধিকার আইনে তথ্য না দেওয়ায় রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল মোত্তাকিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করতেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে তথ্য কমিশন।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁও এ তথ্য কমিশনের কার্যালয়ে এক শুনানি শেষে এ নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান, কমিশনার নেপাল চন্দ্র সরকার ও অধ্যাপক খুরশীদা বেগম সাঈদ শুনানিতে উপস্থিত ছিলেন।
হাইকোর্টের একটি নির্দেশ ভাটারা থানায় পৌঁছেছে কি না, তা জানতে তথ্য চেয়েছিলেন আলাউদ্দিন আল মাছুম নামের এক ব্যক্তি। ভাটারা থানার ওসি ওই আবেদন গ্রহণে অস্বীকার করলে তিনি তথ্য কমিশনে অভিযোগ দেন। আজ শুনানিতে আলাউদ্দিন আল মাছুম উপস্থিত থাকলেও ওসি মোত্তাকিন উপস্থিত ছিলেন না।
কমিশনার নেপাল চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত বেশ কয়েকবার ওসি মোত্তাকিনকে শুনানিতে হাজির হওয়ার জন্য ডাকা হয়েছিল। কিন্তু তিনি কোনো বারই আসেননি। শুনানিতে গরহাজির থাকায় এবং কোনো সময়ের আবেদন না করায় তাঁকে জরিমানা এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে টেলিফোনে ভাটারা থানার ওসি নূরুল মোত্তাকিন প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে কোনা অভিযোগ আছে বা আজ শুনানি ছিল তা সম্পর্কে আমি কিছুই জানি না। সংবাদমাধ্যমের মাধ্যমেই আমি প্রথম জানতে পেরেছি।’
নেপাল চন্দ্র সরকার জানান, তথ্য কমিশনের শুনানিতে এ পর্যন্ত ওসি মোত্তাকিনসহ মোট নয়জনকে বিভিন্ন জরিমানা করা হয়েছে।
তথ্য কমিশন আজ নয়টি অভিযোগের শুনানি করে পাঁচটি অভিযোগ নিষ্পত্তি করে। চারটি অভিযোগ শুনানির জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।