ওসির বিরুদ্ধে আসামিদের পক্ষ নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলায় হত্যার শিকার শিশু রবিউল আউয়ালের বাবা দুলাল মৃধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতারের বিরুদ্ধে আসামিদের পক্ষ নেওয়ার অভিযোগ করেছেন।
গত মঙ্গলবার রাতে বরগুনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রবিউলের মামা শহিদ খান বলেন, সংবাদ সম্মেলনে যোগ দিতে বরগুনা আসার পথে মঙ্গলবার বিকেল চারটার দিকে সদর উপজেলার লতাকাটা খেয়াঘাট এলাকায় সাদা পোশাকধারী কয়েকজন পুলিশ তাঁকে আটক করার চেষ্টা করেন। এ সময় বেশি বাড়াবাড়ি করলে অন্য মামলায় তাঁকে (শহিদ খান) ফাঁসানো হবে বলে ওই পুলিশ সদস্যরা শাসান। অবস্থা বেগতিক দেখে তিনি দৌড়ে পালিয়ে বরগুনায় আসেন।
এদিকে গতকাল বুধবার সকালে বরগুনা জেলা কারাগারের ফটকে মামলার আসামি মিরাজকে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তা ওসি বাবুল আকতার। এর আগে ১২ আগস্ট ওসি হত্যাকাণ্ডের বিষয়ে আসামি মিরাজকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করলে আমতলী উপজেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তা নামঞ্জুর করে মিরাজকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
সংবাদ সম্মেলনে দুলাল মৃধা বলেন, রবিউল হত্যা মামলার মূল আসামি মিরাজের সঙ্গে আরও কয়েকজনের জড়িত থাকার কথা জানালেও ওসি বাবুল এজাহারে তা লিপিবদ্ধ করেননি। এ ছাড়া তিনি এজাহারে রবিউলের শরীরে এক বছর আগে শয়তানের আঁচড় লাগে এবং এ জন্য তাকে স্থানীয় এক পীরের কাছ থেকে তদবির এনে চিকিৎসা দেওয়া হয়—এ জাতীয় তথ্য উল্লেখ করেছেন। এভাবে রবিউলকে মানসিক ভারসাম্যহীন প্রমাণের অপচেষ্টা চালান ওসি।
দুলাল মৃধা বলেন, ৫ আগস্ট তালতলী থানায় যে মামলা হয় সেই মামলার এজাহার তাঁর বর্ণনা অনুযায়ী হয়নি। ওসি লিখে তাঁর কাছ থেকে সই নিয়েছেন। তিনি লেখাপড়া জানেন না। তাই না পড়ে ওসির কথামতো সই দিয়েছেন। পরে মামলার এজাহারের ফটোকপি এনে অন্যকে দিয়ে পড়ানোর পর বুঝতে পারেন ওসির কাছে তিনি যে অভিযোগ দিয়েছিলেন সেভাবে এজাহার লেখা হয়নি।
দুলাল মৃধা আরও বলেন, ৬ আগস্ট আমতলী উপজেলা বিচারিক হাকিম আদালতে হাজির করার পর মিরাজ যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তা-ও পুলিশের শেখানো। মিরাজের ওই জবানবন্দি রবিউল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের আড়াল ও বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা বলে মনে করেন তিনি। মামলায় তিনি কয়েকজন আসামির নাম উল্লেখ করার কথা বললেও ওসি শুধু মিরাজের নাম এবং অজ্ঞাত আরও দু-তিন জনের কথা উল্লেখ করেন।
তবে ওসি বাবুল আকতার বিকেলে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা তদন্ত করছি। এই হত্যাকাণ্ডে আর কারও জড়িত থাকার প্রমাণ পেলে অবশ্যই তাদের গ্রেপ্তার করা হবে। এ ছাড়া মামলার এজাহারে যেসব কথা লিপিবদ্ধ করা হয়েছে তা রবিউলের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতেই করা হয়েছে।’
তালতলীর ছোট আমতখোলা গ্রামের দুলাল মৃধার ছেলে রবিউল আউয়াল (১১) ৩ আগস্ট রাত আটটার দিকে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। ৪ আগস্ট বিকেলে একই এলাকার লখরার খাল থেকে রবিউলের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মিরাজ হোসেনকে আটক করার পর তিনি বলেন, তাঁর চাঁই থেকে মাছ চুরি করার সন্দেহে ওই দিন রাতে তিনি রবিউলকে মাথা, চোখ ও মুখমণ্ডলে লাঠি এবং টর্চলাইট দিয়ে পিটিয়ে হত্যা করেন। পরে লাশ লখরার খালে ফেলে দেন। রবিউল মা-বাবার একমাত্র ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।