ওসির বিরুদ্ধে ছাত্রলীগের সাবেক নেতার মামলা
চট্টগ্রাম নগরের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে মারধর ও নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। আজ বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলমের আদালতে মামলাটি করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক উপসম্পাদক আবদুর রহিম।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, মারধর ও নির্যাতনের অভিযোগে সদরঘাট থানার ওসি ছাড়াও উপপরিদর্শক (এসআই) মো. সালেকের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও দুই জনসহ চারজনকে মামলায় আসামি করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করলেও কোনো আদেশ দেননি।
বাদীর আইনজীবী আকবর আলী জানান মামলার আরজির বরাত দিয়ে বলেন, ১৯ মার্চ বিকেলে নগরের সদরঘাট এলাকায় আল ইসলামিয়া নামের একটি হোটেলে আবদুর রহিম ঢাকা থেকে আসা তাঁর এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে যান। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী রুশ্নিও ছিলেন। হোটেলের ব্যবস্থাপক তাঁদের হোটেলের ২০১ নম্বর কক্ষে বসে আলাপ করতে বলেন আত্মীয়ের সঙ্গে। এ সময় কক্ষের সামনে এসে সদরঘাট থানার ওসি মাঈনুল ইসলাম তাঁদের দেখতে পেয়ে গালাগাল করতে থাকেন। তাঁকে মারধরও করেন। এতে তার নাক ফেটে যায়। একপর্যায়ে বাদীকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আটক করে থানায় নিয়ে যান। থানায় নিয়ে এসআই সালেকসহ আরও দুজন পুলিশ তাঁকে মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থান জখম হয়।
এদিকে ছাত্রলীগ নেতা আবদুর রহিমকে থানায় আটকের খবর শুনে ছাত্রলীগের নেতা-কর্মীরা সদরঘাট থানার সাইনবোর্ড ও একটি রেকার ভাঙচুর করে। ক্ষুব্ধ ছাত্ররা সদরঘাট সড়কে অবস্থান নিয়ে ব্যারিকেডও দেয়। পরে আবদুর রহিমকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া ছাত্রলীগ নেতৃবৃন্দ ঘটনার পর থেকে ওসি মাঈনুলকে প্রত্যাহারের দাবিতে নগর পুলিশ কমিশনারকে লিখিত আবেদন ও বিবৃতি দিয়ে আসছেন।
জানতে চাইলে এসব অভিযোগ অস্বীকার করে ওসি মাঈনুল ইসলাম ভূঁইয়া আজ বিকেলে প্রথম আলোকে বলেন, সন্দেহভাজন আসামি হিসেবে আবদুর রহিমকে হোটেল থেকে আটক করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঘুষি মেরে তাঁর নাক ফাটানো হয়নি, তাঁকে নির্যাতনও করেনি কোনো পুলিশ সদস্য।