ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সলের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। উপজেলার চান্দেরচর ইউনিয়নের আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী খন্দকার তাজুল ইসলাম জেলা নির্বাচন কর্মকর্তার কাছে ১৮ মে এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, ১৬ মে ইউনিয়নের রামকৃষ্ণপুর বাজারে বিদ্রোহী প্রার্থী খন্দকার তাজুল ইসলামের লোকজন আওয়ামী লীগের প্রার্থী মো. আবুল বাশারের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও তাঁর কর্মীদের ওপর হামলা চালান বলে থানায় লিখিত অভিযোগ দেন আবুল বাশার।
তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ওসি সাহেব আমাকে থানায় ১৭ তারিখ ডেকে নিয়ে ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরে যেতে বলেন। নির্বাচন থেকে সরে না দাঁড়ালে ঝামেলা পোহাতে হবে বলে ওসি হুঁশিয়ার করে দেন।’
জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, ‘চান্দেরচর ইউনিয়নের প্রার্থী তাজুল ইসলাম একটি লিখিত অভিযোগ দিয়েছেন। কোনো কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করতে হলে নির্বাচন কমিশনারের অনুমতি লাগবে। আমি তাঁকে বলেছি, আপনি নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ দেন।’
আওয়ামী লীগের প্রার্থী আবুল বাশার বলেন, ‘আমার কর্মীদের মারধর করায় ও মাইক ভাঙায় তাজুল ইসলামের বিরুদ্ধে আমি শুধু থানায় একটি অভিযোগ দিয়ে রেখেছি।’
আবুল ফয়সল বলেন, ‘আমি মোটেও তাজুল ইসলামকে নির্বাচন থেকে সরে যেতে বলিনি কিংবা কোনো রকম চাপ প্রয়োগ করিনি। আমি কারও পক্ষ নিইনি।’