কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী পথসভা করেছে যুবলীগ। গতকাল বৃহস্পতিবার সকালে পেকুয়া চৌমুহনী স্টেশন চত্বরে এ পথসভা হয়। সভায় বক্তারা অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় পেকুয়া থানার ওসির ভূমিকা থাকতে পারে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করারও দাবি জানান তাঁরা।
গত বুধবার ভোরে পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের বটতলী ছড়া থেকে আওয়ামী লীগের সভাপতি সাহাবউদ্দিন ফরায়েজির লাশ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি একই ইউনিয়নের সোনাইছড়ি গ্রামে।
প্রতিবাদী পথসভায় উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, সভাপতিকে হত্যা এবং খুনিদের গ্রেপ্তার না করার পেছনে ওসির ভূমিকা রয়েছে।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বারেক বলেন, ‘ওসির গাফিলতির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা মার খাচ্ছেন, মারা যাচ্ছেন।’
তবে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব বলেন, ‘যুবলীগের নেতাদের বক্তব্যের বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে সাহাবউদ্দিন ফরায়েজি মারা যাওয়ার বিষয়ে জোর তদন্ত করা হচ্ছে।’
সাহাবউদ্দিন ফরায়েজির ছেলে মেহেদি হাসান ফরায়েজি অভিযোগ করেছেন, তাঁর বাবার লাশ যে ছড়া থেকে উদ্ধার করা হয়েছে, সেখানে তাঁকে হত্যা করা হয়নি। অন্য কোথাও তাঁর বাবাকে নির্যাতন করে হত্যার পর লাশ ওই ছড়ায় ফেলে দেওয়া হয়েছে।
এদিকে লাশ উদ্ধারের ঘটনায় আটক অটোরিকশাচালক জসিম উদ্দিন পুলিশি হেফাজতে সাংবাদিকদের কাছে দাবি করেন, সভাপতি সাহাবউদ্দিনকে নিয়ে গত মঙ্গলবার রাত আটটায় তিনি বটতলী এলাকায় যান। সেখানে সাহাবউদ্দিন তাঁকে সড়কের ওপর দাঁড় করিয়ে রেখে চশমা, জুতা ও পানের বাটি দিয়ে পাহাড়ি এলাকার দিকে যান। রাত ১২টা পর্যন্ত সভাপতি ফিরে না আসায় বাড়িতে চলে যান তিনি।
তবে মেহেদি হাসান অভিযোগ তুলেছেন, তাঁর বাবা তিন-চার ঘণ্টা পর ফিরে না এলেও কেন অটোরিকশাচালক তাঁদের বিষয়টি বলেননি? কেনই বা তাঁর বাবার চশমা, জুতা ও পানের বাটি নিয়ে অটোচালক বাড়ি চলে গেছেন।
এ বিষয়ে কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম বলেন, সব বিষয় বিবেচনায় রেখে তদন্তকাজ চলছে।
পেকুয়া থানার ওসি আবদুর রকিব বলেন, ‘সাহাবউদ্দিন ফরায়েজি যে তিনজন অটোরিকশাচালকের গাড়িতে চলাফেরা করতেন, তাঁদের মধ্যে আবদুল গফুর ও শাহাদাত হোসেনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। জসিম উদ্দিনকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’