চট্টগ্রামের সিআরবি মোড়ে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত সোমবার রাতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এই ডায়েরি করেন।
সোমবার দুপুরে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর সিআরবি-সংলগ্ন সাত রাস্তার মোড়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। যুবলীগের নেতা হেলাল আকবর চৌধুরী ওরফে বাবর এবং ছাত্রলীগের নেতা সাইফুল আলম ওরফে লিমনের অনুসারী নেতা-কর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে। ২০১৩ সালের ২৪ জুন সিআরবি এলাকায় এই দুই নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষের সময় গুলিতে এক শিশুসহ দুজন নিহত হয়।
কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দীন বলেন, ‘উত্তেজিত দুই পক্ষকে নিবৃত্ত করতে আমরা ফাঁকা গুলি করি। এ কারণে ঘটনার বর্ণনা দিয়ে আমি নিজেই সাধারণ ডায়েরি করেছি।’
যুবলীগের বহিষ্কৃত নেতা হেলাল আকবর চৌধুরীর দাবি, সোমবারের ঘটনায় তাঁর অনুসারী কয়েকজন যুবক আহত হয়েছেন। কিন্তু পুলিশ মামলা নিচ্ছে না। এ কারণে বুধবার (আজ) আদালতে মামলা হতে পারে।
এ প্রসঙ্গে ওসি জসীম উদ্দীন বলেন, ‘ওই ঘটনায় জড়িত কোনো পক্ষ মামলা করতে আসেনি।’