ওসিসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে তিনজনকে ফাঁসানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক বিধবার জমি দখলে সহায়তা করতে তাঁর ভাইসহ তিনজনকে ফাঁসানোর অভিযোগ উঠেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিনজনের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল সোমবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার বাসিন্দা ওই নারীর নাম আছমা বেগম। তিনি অভিযোগ করেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-সংলগ্ন নগরীর ধনুহাজী রোড এলাকায় সিদ্ধিরগঞ্জ মৌজায় ৪৯ দশমিক ৫০ শতাংশ জমি বাবা মৃত মোহাম্মদ হোসেন আলীর ওয়ারিশসূত্রে আমরা সাত ভাইবোন ভোগদখল করছি। সিদ্ধিরগঞ্জ বাজার এলাকার কয়েকজন প্রভাবশালী আমাদের সম্পত্তি দখলে নেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় গত ২৫ এপ্রিল আমি আদালতে পিটিশন দায়ের করি। আদালত নালিশি ভূমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সিদ্ধিরগঞ্জ থানার ওসিকে আদেশ দেন। আমি আদালতের আদেশের কপি নিয়ে ওই দিন ওসির সঙ্গে দেখা করতে যাই। তবে অশোভন আচরণ করে থানা থেকে আমাকে বের করে দেন তিনি। এ সময় নানাভাবে নাজেহাল করা হয় আমাকে। পরে জানতে পারি, ওসি আগেই আসামিদের (বিবাদীপক্ষ) কাছ থেকে ১৮ লাখ টাকা নিয়েছেন।’
আছমা বেগম আরও বলেন, ‘২৬ এপ্রিল সকাল ১০টায় আমি পুনরায় আদালতের আদেশ নিয়ে থানার পরিদর্শক (তদন্ত) আবুল হোসেনের সঙ্গে দেখা করি। তিনি ওই আদেশ রাখার জন্য আমার কাছে পাঁচ হাজার টাকা উৎকোচ দাবি করেন। আমি দুই হাজার টাকা প্রদান করি। পরে তিনি নালিশি সম্পত্তি দেখিয়ে দেওয়ার জন্য পরিচিত লোক পাঠানোর কথা বলেন। আমি আমার ছোট ভাই মোহাম্মদ আলী, কর্মচারী মো. ওমর ফারুক ও ইমরানকে অবশিষ্ট তিন হাজার টাকাসহ সকালে নালিশি ভূমিতে পাঠাই। ওই সময় মোহাম্মদ আলীর কাছ থেকে তিন হাজার টাকা নিয়ে নালিশি ভূমিতে বিবাদীপক্ষের টিনশেড স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করে দেন থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম। কিন্তু দু-তিন মিনিট পর থানার এসআই ফারুক হোসেন এসে বিবাদীপক্ষের কাজ বন্ধ করার কারণ জিজ্ঞাসা করে ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে যান। তখন তাঁদের ছেড়ে দেওয়ার বিনিময়ে ৫০ হাজার টাকা উৎকোচ দাবি করা হয়। রাত সাড়ে ১১টায় ৫০ হাজার টাকাসহ কর্মচারী দেলোয়ার হোসেনকে থানায় পাঠাই। দেলোয়ার থানায় গিয়ে এসআই ফারুকের কাছে ৫০ হাজার টাকা দিয়ে তাঁদের ছেড়ে দেওয়ার অনুরোধ করে। কিন্তু ওসি সরাফত উল্লাহ বলেন, তিনজনের বিরুদ্ধে মোবাইল কোর্টে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। পরে নারায়ণগঞ্জ জেলা কারাগারে গিয়ে জানতে পারি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমার ছোট ভাই মো. আলীসহ তিনজনের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।’
আছমা বেগম অভিযোগ করেন, ‘ওসি আমাকে জায়গার দাবি ছাড়ার জন্য বন্ড সই দিতে বলেন।’ অভিযোগের বিষয়ে গত শনিবার আছমা বেগম নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনও করেন।
অভিযোগের বিষয়ে সরাফত উল্লাহ বলেন, ‘আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করেছেন। আমরা উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ দিয়েছি। আমি তাঁর (আছমা) কাছে কোনো টাকা দাবি করিনি। তাঁকে কোনো কাগজে স্বাক্ষর করতে বলি নাই। আর যেকোনো আদালত বা ভ্রাম্যমাণ আদালতে সাজা দিতে হলে অভিযোগ প্রমাণ সাপেক্ষে সাজা দিতে হয়।’
ওসি আরও বলেন, ‘বিবাদীপক্ষ আমাকে ফোন করে জানায়, প্রথম পক্ষ লোকজন এনে তালা ভেঙে ওই জমি দখল করতে গেছে।’ যাঁদের আটক করা হয়েছে, তাঁরা নেশার টাকা জোগাড় করার জন্য বিভিন্ন জায়গায় জমি দখল করতে যান বলে তিনি দাবি করেন।
অভিযোগ তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সুপার মঈনুল হক বলেন, ‘পুলিশের কোনো সদস্য যদি বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’