সিরাজগঞ্জের পুলিশ হেফাজতে কলেজছাত্রীকে নির্যাতনের ঘটনায় কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের নির্দেশে কাজীপুর থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে বন্দী নির্যাতন আইনে থানায় এ মামলা করেন।
এদিকে গত সোমবার বিকেলে আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন ওই ছাত্রী। গতকাল মঙ্গলবার তাঁকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গতকালই পুলিশের বিভাগীয় তদন্ত কমিটি ছাত্রী ও তাঁর বাবার সাক্ষ্য গ্রহণ করে।
নির্যাতনের শিকার ছাত্রীর আইনজীবী মো. শওকত আলী বলেন, আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দির পরিপ্রেক্ষিতে আদালত অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য পুলিশ সুপারকে নির্দেশ দেন। এই নির্দেশের পর গত ২৯ জানুয়ারি এ মামলা করা হয়। পুলিশ মামলার বিষয়টি পাঁচ দিন গোপন রাখে। এ মামলার আসামিরা হচ্ছেন কাজীপুর থানার ওসি আবদুল জলিল, পরিদর্শক আবদুর রাজ্জাক, উপপরিদর্শক আশফাকুর রহমান, কনস্টেবল রনি খাতুন ও সীমা খাতুন। ছাত্রী নির্যাতনের ঘটনায় তাঁদের সবাইকে প্রত্যাহার করে বর্তমানে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার হোসেন বলেন, ছাত্রী ও তাঁর বাবা জবানবন্দিতে বলেছেন, একটি হত্যা মামলায় ২১ জানুয়ারি কাজীপুর থানা-পুলিশ তাঁকে, তাঁর মেয়ে ও ছেলের বউকে সন্দেহভাজন হিসেবে আটক করে। টাকা না দেওয়ায় পুলিশ মেয়েকে আটকে রেখে শারীরিক নির্যাতন করে। তিনি অসুস্থ হয়ে পড়লে ২৭ জানুয়ারি তাঁকে আদালতে হাজির করা হয়।