ওসিসহ পাঁচজনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ
শ্লীলতাহানির অভিযোগ এনে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের পাঁচজন সদস্যের বিরুদ্ধে নালিশি মামলা গ্রহণের আবেদন করেছেন এক নারী। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক শফিউল আজম ওই নারীর জবানবন্দি রেকর্ড করে কাল বৃহস্পতিবার আদেশের জন্য দিন ধার্য করেছেন।
যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাঁরা হলেন: যাত্রাবাড়ী থানার ওসি অবনি শংকর, উপপরিদর্শক (এসআই) মো. জসিম, এসআই মো. জামাল, কনস্টেবল দেবাশীষ ও মুগদা থানার এসআই আবদুল কাদের।
এই পুলিশ সদস্যের বিরুদ্ধে নালিশি মামলা গ্রহণের আবেদন করার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন ওই আদালতের পেশকার আমজাদ হোসেন।
ওই নারী তাঁর আবেদনে উল্লেখ করেন, এসআই আবদুল কাদেরের মেয়েকে তাঁর ছোট ভাই ইমরান হোসেন বিয়ে করেন। কিন্তু পুলিশ কর্মকর্তা কাদের ওই বিয়ে মানেননি। পরে কাদের তাঁর ভাইসহ কয়েকজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এসব ঘটনার জের ধরে যাত্রাবাড়ী থানায় তাঁকে উপপরিদর্শক কাদেরসহ অন্য আসামিরা শ্লীলতাহানি করেছেন।