ওসিসহ ৪ জনের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামি গ্রেপ্তার করতে গিয়ে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চট্টগ্রামের লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহানসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর ভারপ্রাপ্ত বিচারক রোখসানা পারভীনের আদালতে মামলাটি করেন লোহাগাড়ার আধুনগর এলাকার এক নারী।

মামলার অপর আসামিরা হলেন লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) সোলায়মান পাটোয়ারী, সহকারী উপপরিদর্শক (এএসআই) ফখরুল ইসলাম ও পুলিশের সোর্স জসীম উদ্দিন।

বাদীর আইনজীবী আজিজুল কবির প্রথম আলোকে বলেন, ১২ মে দুপুরে লোহাগাড়ার আধুনগর এলাকার সরদারপাড়ায় সাদাপোশাকে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ির এক গৃহবধূ সাদাপোশাকে পুলিশ কেন তাঁর দেবরকে ধরতে এসেছে, সে বিষয়ে জানতে চান। এতে পুলিশ ক্ষুব্ধ হয়ে ওই গৃহবধূকে মারধর করে ও ধর্ষণের চেষ্টা চালায়। এ বিষয়ে ওসিসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হলে আদালত বিচারিক তদন্তের নির্দেশ দেন।

অভিযোগ অস্বীকার করে ওসি মো. শাহজাহান আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশ ওই নারীর দেবরকে গ্রেপ্তার করতে যায়। এ সময় পুলিশের ওপর হামলা চালান তাঁরা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ কাউকে ধর্ষণের চেষ্টা করেনি।