ওয়াকফ এস্টেটের জায়গা ইজারা দেওয়ার অভিযোগ
আজিজ উল্লাহ ওয়াকফ এস্টেটের মালিকানাধীন ৭৬০ শতক জায়গা বন্দর কর্তৃপক্ষ অবৈধভাবে বাংলাদেশ মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডকে ইজারা দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন ওয়াকফ এস্টেটের কার্যকারক গাজী মোহাম্মদ আজিজ উল্লাহ। এ সময় যুগ্ম মোতোয়ালি মোহাম্মদ শহীদ উল্লাহ ও মোহাম্মদ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে আজিজ উল্লাহ বলেন, ফিশারি ঘাট মৎস্য আড়ত সরিয়ে যে স্থানে নতুন মৎস্য অবতরণ কেন্দ্র করা হয়েছে, সেই ভূমির মালিক আজিজ উল্লাহ ওয়াকফ এস্টেটের। ১৯৩২ সালের ৩৩৩৮ নম্বর দলিল মূলে বাকলিয়ার আজিজ উল্লাহ সওদাগর ও সালেহ আহমদ নব নূর মসজিদের নামে এসব সম্পত্তি ওয়াকফ করেন। পরে এটি নদীগর্ভে বিলীন হলেও আশির দশকের প্রথম দিকে চর জেগে ওঠে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং ভূমি দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে সেই জমি আজিজ উল্লাহ ওয়াকফ এস্টেটের মোতোয়ালিদের বুঝিয়ে দেন।
বক্তব্যে আরও বলা হয়, বন্দর কর্তৃপক্ষের ইজারার বিরুদ্ধে আজিজ উল্লাহ ওয়াকফ কর্তৃপক্ষ হাইকোর্টে রিট পিটিশন করে। এর পরিপ্রেক্ষিতে আদালত জায়গার ওপর স্থিতাবস্থা জারি করেন। কিন্তু হাইকোর্টের আদেশ অমান্য করে জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির নামে মার্কেট নির্মাণ শুরু হয়।