ওয়াক্ফ এস্টেটের জমিতে যুবলীগ নেতার কয়লাভাটা
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দর এলাকায় ওয়াক্ফ এস্টেটের জমিতে কয়লাভাটা তৈরি করেছেন যুবলীগের স্থানীয় এক নেতা। দুই বছর ধরে সেখানে গাছ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে। প্রশাসনের কাছে অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না এলাকাবাসী।
কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, কালাইয়া বন্দরের আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে ২০১৪ সালের সেপ্টেম্বরে সরকারি ওয়াক্ফ এস্টেটের (আবদুল হক ওয়াক্ফ এস্টেট ইসি নম্বর-২১৭৯) ১ একর ৫৭ শতাংশ জমি জোর করে দখল করে কয়লাভাটা নির্মাণ করেন কালাইয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ওরফে মিজান মোল্লা (৩৫)। তাঁর বাড়ি ইউনিয়নের বড় ডালিমা সেতু এলাকায়। এ বিষয়ে গত বছরের ২৩ ডিসেম্বর প্রথম আলোয় ‘সরকারি জমিতে যুবলীগ নেতার কয়লাভাটা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪০ মিটার দক্ষিণে কয়লাভাটার অবস্থান। পাশেই রয়েছে কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়, কালাইয়া রব্বানিয়া ফাজিল মাদ্রাসা ও কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ। কয়লাভাটার অদূরেই জনবসতি।
কয়লাভাটার কয়েকজন শ্রমিক বলেন, ভাটায় ছয়টি চুলা রয়েছে। প্রতিটি চুলায় একেকবার ৩০০ মণ কাঠ দেওয়া যায়। ১২ ঘণ্টা জ্বালানোর পর চুলা থেকে পাওয়া যায় প্রায় ৭০ মণ কয়লা। প্রতি মাসে প্রায় ৫৪ হাজার মণ কাঠ লাগে। আর তা থেকে প্রায় দুই হাজার টন কয়লা উৎপাদিত হয়।
কালাইয়া গ্রামের মো. মোহসেন মিয়া বলেন, কয়লাভাটা বন্ধের দাবি জানিয়ে দুই বছর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হলেও অদৃশ্য কারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কয়লাভাটার পাশের শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক বলেন, কয়লাভাটার কারণে এলাকার বন উজাড় হয়ে যাচ্ছে। ধোঁয়ার কারণে পরিবেশ বিপর্যয়ের মুখে।
তবে অভিযোগ অস্বীকার করে মিজান মোল্লা দাবি করেন, ‘শাহজাদা মিয়া নামে এক মোতোয়ালির কাছ থেকে ওই জমি ইজারা নিয়েছি।’ কয়লাভাটা করার অনুমতি আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনুমতি নেই। তবে অনুমতি পাওয়ার জন্য কাগজ জমা দিয়েছি। এতে পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না।’
ওয়াক্ফ প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, শাহজাদা মিয়া নামে ওই ওয়াক্ফ এস্টেটের কোনো মোতোয়ালি নেই। বর্তমানে মোতোয়ালির দায়িত্বে আছেন মো. জাহাঙ্গীর হোসেন মিয়া ও সোলায়মান মিয়া। নিয়মানুযায়ী ওয়াক্ফ এস্টেটের কোনো জমি ইজারা দেওয়ার আগে ওয়াক্ফ প্রশাসকের অনুমতি নিতে হয়। আর মোতোয়ালিদের জমি ইজারা দেওয়ার এখতিয়ার নেই। ইট কিংবা কয়লাভাটা করার অনুমতি ওয়াক্ফ প্রশাসক দিতে পারেন না। এ জন্য বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের অনুমতি লাগে।
মোতোয়ালি মো. জাহাঙ্গীর হোসেন মিয়া বলেন, ‘কাউকে জমি ইজারা দেওয়া হয়নি। ওই জমির সম্মুখভাগে নির্মাণ করা আমাদের কয়েকটি দোকানঘর জোরপূর্বক ভেঙে ওই জমি দখল করে নিয়েছেন মিজান মোল্লা।’
পরিবেশ অধিদপ্তর, বরিশালের বিভাগীয় পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, গাছ পুড়িয়ে বাণিজ্যিকভাবে কয়লা তৈরি করা সম্পূর্ণ অবৈধ। এমনটি হয়ে থাকলে তা পরিবেশের জন্যও ভয়াবহ হুমকি। এ বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, এ অঞ্চলে (বরিশাল বিভাগে) কয়লাভাটা করার অনুমতি দেওয়া হয়নি। এমনকি দেওয়ার কোনো সুযোগও নেই।
ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ‘যখন অভিযোগ করা হয়েছিল, তখন আমি এ কর্মস্থলে ছিলাম না। আমার কাছে কেউ অভিযোগ করেনি। তবে এ ব্যাপারে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’