ওয়ারীতে গুলিবিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু
রাজধানীর ওয়ারীর হাটখোলায় নিজ বাসার কাছে দুর্বৃত্তের গুলিতে আহত যুবলীগের নেতা আবদুল মান্নান (৩২) গতকাল বুধবার সকালে মারা গেছেন। ঢাকা মহানগর দক্ষিণের ৩১ নম্বর ওয়ার্ড যুবলীগের এই সাধারণ সম্পাদক গত মঙ্গলবার রাতে গুলিবিদ্ধ হন। তিনি পুরান ঢাকার মিটফোর্ডে ওষুধের ব্যবসা করতেন।
পুলিশ এ ঘটনায় জালাল ও রনি নামের দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। স্বজনদের ধারণা, যুবলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে মান্নানকে হত্যা করা হয়েছে। পুলিশ বলেছে, ইয়াবা বিক্রির টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে দলীয় কোন্দল ও পূর্ববিরোধের জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে।
পরিবারের সদস্যরা জানান, মান্নান ঘটনার রাতে মিটফোর্ডে ওষুধের দোকান থেকে বন্ধু আল আমিনকে নিয়ে রিকশায় হাটখোলা রোডের বাসার সামনে নামেন। রিকশা থেকে নামামাত্র তাঁকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ সময় মোটরসাইকেলে আসা তিন-চারজন যুবককে পালিয়ে যেতে দেখেন তাঁর স্ত্রী। মান্নানের বন্ধু আল আমিন দৌড়ে পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় স্কয়ার হাসপাতালে। গতকাল সকাল পৌনে সাতটার দিকে তিনি মারা যান। তাঁর মাথার পেছনে ও পেটে গুলি লেগেছিল।
মান্নানের স্ত্রী বলেন, যুবলীগের অভ্যন্তরীণ কোন্দলে তাঁর স্বামী খুন হয়েছেন। ঘটনার পর থেকে আল আমিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার নুরুল ইসলাম বলেন, ২০১২ সালে বংশালে সংঘটিত একটি হত্যা মামলার আসামি ছিলেন মান্নান। তাঁর বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগ আছে। প্রভাব-প্রতিপত্তি খাটিয়ে তিনি ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হন। মান্নান কামরাঙ্গীরচরে একটি বাড়ির কাজে হাত দিয়েছিলেন। এতে তাঁর দলীয় নেতা-কর্মীরা ক্ষুব্ধ ছিলেন। আটক হওয়া দুই যুবককে জিজ্ঞাসাবাদে এসব তথ্য পাওয়া গেছে। তা ছাড়া আল আমিন এ হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন। তাঁকে পুলিশ খুঁজছে।