ওয়ারীতে ব্যবসায়ী গুলিবিদ্ধ
ওয়ারীতে বনগ্রাম রোডে আসাদুজ্জামান (৩৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করেছেন সাইদুর রহমান (৪২) নামের আরেক ব্যবসায়ী। পরে স্থানীয় লোকজন সাইদুরকে মারধর করে পুলিশে দিয়েছেন। দুজনকেই আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, দুজনেরই বাসা বনগ্রাম রোডে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাইদুর রহমান তাঁর লাইসেন্স করা শটগান দিয়ে আসাদুজ্জামানের পায়ে গুলি করেন। পরে স্থানীয় লোকজন সাইদুর রহমানকে মারধর করেন। পুলিশ সাইদুরকে আটক করেছে। তাঁর শটগানটিও জব্দ করা হয়েছে। তিনি বলেন, সাইদুরের বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন আছে। তাঁর শটগানের লাইসেন্স যাতে বাতিল করা হয় সে জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ওয়ারী থানার ওসি জেহাদ হোসেন বলেন, আহত দুজনই ব্যবসায়ী। তাঁদের মধ্যে পূর্বশত্রুতা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কী নিয়ে শত্রুতা ছিল ও গতকাল কী কারণে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয় এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।