ওয়ার্কার্স পার্টির নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের দিয়ারপাড়া গ্রামে আজ বুধবার রাতে ওয়ার্কার্স পার্টির নেতা আবদুর রশিদকে (৪০) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আবদুর রশিদ ওয়ার্কার্স পার্টি পাবনা জেলা শাখার সদস্য ও জাতীয় কৃষক সমিতি আটঘরিয়া উপজেলা শাখার সহসভাপতি।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আজ রাত পৌনে নয়টার দিকে তিনি নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাঁকে ঘিরে ধরে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে চলে যায়। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়।
আটঘরিয়া থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ঘটনাস্থল থেকে মোবাইলে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছেন। তবে কে বা করা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানতে পারেননি। প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যরাও কারও নাম বলতে পারেননি। তবে চরমপন্থীরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।
আবদুর রশিদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেন ওয়ার্কার্স পার্টি পাবনা জেলা শাখার সভাপতি জাকির হোসেন। তিনি বলেন, ‘আমাদের জানা মতে স্থানীয় চরমপন্থীরা তাঁকে বেশ কয়েকবার হত্যার হুমকি দিয়েছে। তা ছাড়া তাঁর (আবদুর রশিদ) কোনো শত্রু ছিল বলে আমাদের জানা নেই।’