ওয়ার্কার্স পার্টির নেতাকে হাত-পা ভেঙে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের ডাঁশমারী এলাকায় ওয়ার্কার্স পার্টির এক নেতাকে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, গত বুধবার দিবাগত রাতে ডাঁশমারীর একটি নর্দমা থেকে ওই নেতার হাত, পা ও ঘাড় ভাঙা লাশ উদ্ধার করা হয়।
হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ওয়ার্কার্স পার্টিরই দুই নেতাকে আটক করেছে পুলিশ। নিহত নেতার নাম মোহাম্মদ আলী (২৮)। তাঁর বাড়ি ডাঁশমারী এলাকাতেই। তিনি ওয়ার্কার্স পার্টির মতিহার থানা শাখা ও রাজশাহী জেলা শাখা জাতীয় শ্রমিক ফেডারেশনের সদস্য ছিলেন।
পুলিশ জানিয়েছে, আটক দুই নেতা হলেন জিয়ারুল ইসলাম ও রফিকুল ইসলাম। তাঁরা ওয়ার্কার্স পার্টির ডাঁশমারী ওয়ার্ডের সদস্য। তাঁদের মধ্যে রফিকুল ইসলাম দাবি করেছেন, জামায়াত-শিবির এ ঘটনা ঘটাতে পারে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ঘটনার সময় স্থানীয় লোকজন জিয়ারুলকে দৌড়ে পালাতে দেখেছেন। এই তথ্যের ভিত্তিতে তাঁকে আটক করা হয়। আটকের পর জিয়ারুল বলছেন, কয়েকজন লোক হাঁসুয়া নিয়ে তাড়া করলে তিনি ভয়ে পালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি রফিকুল জানেন। রফিকুলকে আটক করা হলে তিনি কিছু জানেন না বলে পুলিশকে জানান। তবে তিনি বলেন, তাঁর ধারণা, জামায়াত-শিবির মোহাম্মদ আলীকে হত্যা করে থাকতে পারে।
ওসি আলমগীর আরও জানান, আটক দুজনের বক্তব্যই সন্দেহজনক। কারণ, মোহাম্মদ আলীর সঙ্গেই তাঁরা ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর কার্যালয় থেকে ফিরছিলেন। রাত পৌনে ১২টার দিকে মোহাম্মদ আলীর হাত, পা ও ঘাড় ভেঙে তাঁকে ডাঁশমারী এলাকার একটি নর্দমায় ফেলে দেওয়া হয়। পরে এলাকাবাসী মোহাম্মদ আলীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জিয়ারুল বা রফিকুল তাঁকে উদ্ধার করতে যায়নি।
ওসি জানান, মোহাম্মদ আলীর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির ভাই হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু এই হত্যাকাণ্ডের জন্য ছাত্রশিবিরকে দায়ী করে বলেছেন, ‘জেলা শ্রমিক ফেডারেশনের সক্রিয় সদস্য ছিলেন মোহাম্মদ আলী। তিনি সব সময় জামায়াত-শিবিরের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।’
এদিকে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে গতকাল বৃহস্পতিবার রাতে পাঠানো এক বিবৃতিতে অভিযোগ করা হয়, মোহাম্মদ আলী হত্যাকাণ্ডে জামায়াত-শিবির দায়ী। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ বিকেল সাড়ে চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর শাখা।