ওয়ার্ড আ.লীগের নেতাসহ ছয়জনকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাড়া বাসা না ছাড়ার জের ধরে সিলেট নগরের পাঠানটুলায় স্বেচ্ছাসেবক লীগের কর্মী আবদুল্লাহ ওরফে অন্তর (৩৫) খুন হন। এ ঘটনায় ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতান আহমদ সানিসহ ছয়জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। গত সোমবার রাতে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় নিহত অন্তরের স্ত্রী শিউলি খানম বাদী হয়ে মামলাটি করেন।

মামলাটি রাতেই রেকর্ড করার সত্যতা নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন। তিনি জানান, এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে গতকাল মঙ্গলবার ওই এলাকায় পুলিশের অভিযান চালানো হয়।

একটি বেসরকারি হাসপাতালের নার্সের চাকরি করা স্ত্রী শিউলিকে নিয়ে আবদুল্লাহ পাঠানটুলার পার্ক ভিউ আবাসিক এলাকায় আওয়ামী লীগের নেতা সুলতানের বাসায় ভাড়া থাকতেন। তাঁদের বাড়ি রাজশাহী। প্রায় তিন মাসের ভাড়া বাকি থাকায় গত রোববার দুপুরে বাসার মালিক সুলতান দলবলসহ আবদুল্লাহকে বাসা থেকে বের করে দিতে যান। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে আবদুল্লাহকে ধাওয়া করে রাস্তায় ফেলে ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই আবদুল্লাহ মারা যান।