ওয়ার্ড কাউন্সিলর আত্মগোপনে, যুবলীগের নেতা বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজির অভিযোগ ওঠার পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সদস্য ময়নুল হক ওরফে মঞ্জু গা ঢাকা দিয়েছেন। তবে একই অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিমকে গতকাল রোববার সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
২০১৩ সালে সংঘটিত যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কী হত্যায় জড়িত থাকার অভিযোগে মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম ওরফে আরিফকে সাময়িক বহিষ্কার করা হয়। তখন মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমকে এই কমিটির ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। সাময়িক বরখাস্ত হওয়া ওয়াহিদুল আলম বর্তমানে দেশের বাইরে আত্মগোপনে আছেন বলে জানা গেছে।
ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে গত বুধবার রাতে র্যাব-১০-এর একটি দল টিকাটুলিতে অবস্থিত রাজধানী সুপার মার্কেটে অভিযান চালিয়ে যুবলীগ নেতা রেজাউল করিমকে হাতেনাতে ধরলেও রাজনৈতিক চাপে পরে তাঁকে ছেড়ে দেয়। তবে র্যাবের ভ্রাম্যমাণ আদালত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠান। এই চাঁদাবাজির নেতৃত্বে থাকা ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মার্কেট মালিক সমিতির স্বঘোষিত সভাপতি এবং রেজাউল স্বঘোষিত সাধারণ সম্পাদক। ব্যবসায়ীদের অভিযোগ, মার্কেট কমিটি দখল করে এঁদের নেতৃত্বে চাঁদাবাজি চলছিল।
র্যাব-১০-এর পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ওয়ার্ড কাউন্সিলর ময়নুল গা ঢাকা দিয়েছেন। তাঁকে খোঁজা হচ্ছে।
যুবলীগ সূত্র জানায়, রেজাউলকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটির একজন প্রেসিডিয়াম সদস্য ঘটনার তদন্ত করছেন।
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, ‘চাঁদাবাজির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় রেজাউলকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত হলে তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। কারণ, যুবলীগে ধান্দাবাজ ও চাঁদাবাজদের ঠাঁই নেই।’
ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করছেন ঢাকা মহানগর আওয়ামী লীগ। মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ গতকাল প্রথম আলোকে বলেন, অভিযোগের সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যুৎ নেই যে কারণে: শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে রাজধানী সুপার মার্কেটে বিদ্যুৎ ছিল না। ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাজধানী সুপার মার্কেটের ভূ-গর্ভস্থ বিদ্যুতের কেব্লে ছিদ্র হয়ে গেছে। মার্কেট-সংলগ্ন সড়কের কয়েক ফুট মাটি খুঁড়ে তা শনাক্ত করে কেব্ল লাইন মেরামত করা হয়েছে। এরপর গতকাল রোববার রাত পৌনে নয়টায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
বিদ্যুৎ না থাকায় ঈদের আগে মার্কেটের কয়েক হাজার দোকান মালিক-কর্মচারী ও ক্রেতা চরম ভোগান্তিতে পড়েন। ব্যবসায়ীরা বলেন, জেনারেটরের মাধ্যমে ১ হাজার ৭৮৮টি দোকানে আলোর ব্যবস্থা করা হয়। এ জন্য ঘণ্টায় সাড়ে ছয় হাজার টাকা খরচ হয়।
ব্যবসায়ীদের অভিযোগ, ওই মার্কেটের বিদ্যুৎ বিলের লাখ লাখ টাকা পরিশোধ না করে তা আত্মসাৎ করছেন ময়নুল, রেজাউল ও তাঁর লোকেরা। প্রতি মাসে ব্যবসায়ীরা সময়মতো বিল পরিশোধ করলেও তা চাঁদাবাজেরা ভাগাভাগি করে নেয়। এখন মার্কেটের বিদ্যুৎ বিল বকেয়া আছে ৫০ লাখ টাকারও বেশি।