ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল বাসিত খানের বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই গৃহবধূ গতকাল বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা নিয়েছেন।
জানতে চাইলে ওয়ার্ড কাউন্সিলর আবদুল বাসিত খান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। মানিকনগরে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কার্যালয়ে তিনি ওই গৃহবধূকে ডেকে লেনদেন-সংক্রান্ত একটি ঘটনার নিষ্পত্তি করে দিয়েছিলেন। তখন সেখানে তিন-চারজন লোক উপস্থিত ছিলেন। ধর্ষণের ঘটনা ঘটলে তাঁরা সেটা দেখতেন। ওই নারী মিথ্যা অভিযোগ করেছেন বলে তিনি দাবি করেন।
ওই গৃহবধূ প্রথম আলোর কাছে অভিযোগ করেন, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ওয়ার্ড কাউন্সিলর বাসিত খান তাঁর মানিকনগরের কার্যালয়ে তাঁকে ডেকে নেন। ওয়ার্ড কাউন্সিলর একপর্যায়ে তাঁকে ধর্ষণ করেন।
গৃহবধূ বলেন, বাসিত খান প্রভাবশালী ও অনেক ক্ষমতাধর। এ কারণে তিনি ভয় পাচ্ছেন। তিনি ধর্ষণের মামলা করতে চান। তবে নিজের নিরাপত্তা নিয়ে তিনি এখন শঙ্কিত।
ওসিসির সমন্বয়ক বিলকিস বেগম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তিনি ওই গৃহবধূকে মুগদা থানায় মামলা করার পরামর্শ দিয়েছেন। এ নিয়ে তিনি ওসির সঙ্গেও কথা বলেছেন। গতকাল গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাঁর ডিএনএ নমুনা সংরক্ষণ করা হয়েছে। থানায় ধর্ষণের মামলা হলে ওই নমুনা মিলিয়ে দেখা হবে।
যোগাযোগ করা হলে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ধর্ষণের বিষয়ে তিনি লিখিত অভিযোগ পাননি।